× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাইফুজ্জামান দম্পতির সম্পদের তথ্য দুদককে দিল এফবিআই

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক:

০৭ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪ পিএম । আপডেটঃ ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৯ পিএম

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। ফাইল ছবি: সংগৃহীত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাঠানো পারস্পরিক আইনি সহায়তার অনুরোধের (এমএলএআর) ভিত্তিতে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, তাঁর স্ত্রী রুকমীলা জামান এবং নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের বিদেশে থাকা বিপুল সম্পদের নথিপত্র ও সম্পত্তি জব্দের তথ্য হস্তাত্তর করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই) এবং যুক্তরাজ্যের স্বায়ত্তশাসিত দ্বীপ অঞ্চল আইল অব ম্যান কর্তৃপক্ষ। সোমবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম সাংবাদিকদের এ গুরুত্বপূর্ণ তথ্য নিশ্চিত করেন।

আজকের সংবাদ ব্রিফিংয়ে দুদকের মুখপাত্র আকতারুল ইসলাম বলেন, “সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তাঁর স্ত্রীর যুক্তরাষ্ট্রে থাকা সম্পদ, ব্যাংক হিসাব ও ব্যবসার রেকর্ড হস্তান্তরের অনুরোধ জানিয়ে দুদক মার্কিন কর্তৃপক্ষের কাছে এমএলএআর পাঠিয়েছিল। এর পরিপ্রেক্ষিতে এফবিআই ইতোমধ্যে যাবতীয় প্রয়োজনীয় তথ্য ও রেকর্ড কমিশনকে সরবরাহ করেছে।”

তবে এফবিআইয়ের দেওয়া প্রতিবেদনে ঠিক কত পরিমাণের সম্পদ চিহ্নিত হয়েছে বা মার্কিন যুক্তরাষ্ট্রে ইতোমধ্যে কোনো সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে কি না, তদন্তের স্বার্থে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু প্রকাশ করেনি সংস্থাটি। এ বিষয়ে আকতারুল ইসলাম বলেন, “যুক্তরাষ্ট্রে থাকা এই দম্পতির মোট সম্পদের সুনির্দিষ্ট বিবরণ পরবর্তীতে প্রাপ্তিসাপেক্ষে আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের জানানো হবে।”

উল্লেখ্য, দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকার একটি আদালত সাবেক ভূমিমন্ত্রী ও তাঁর স্বার্থসংশ্লিষ্টদের সাতটি দেশে থাকা প্রায় ১ হাজার ৮২৪ কোটি ৯ লাখ টাকার সম্পত্তি জব্দের নির্দেশ দেন। ওই আদালতের নথিতে যুক্তরাষ্ট্রে সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন সম্পদের আনুমানিক ক্রয়মূল্য ৪৩৬ কোটি ৮৮ লাখ টাকা উল্লেখ করা হয়েছিল।

এদিকে, নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, তাঁর স্ত্রী নাসরিন ইসলাম এবং আইল অব ম্যান-এ নিবন্ধিত ‘ওয়ান প্রপার্টি লিমিটেড’-এর বিষয়ে দুদকের পাঠানো এমএলএআর পুরোপুরি বাস্তবায়িত হয়েছে বলে জানিয়েছে আইল অব ম্যান কর্তৃপক্ষ। তারা সংশ্লিষ্ট ব্যক্তিদের মালিকানাধীন বিদেশি সম্পত্তি অবরুদ্ধ করার আনুষ্ঠানিক তথ্য দুদককে প্রদান করেছে।

আরও জানানো হয়, ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমকে আদালত তিন মাসের জন্য বিদেশে যাওয়ার যে অনুমতি দিয়েছেন, সেই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে দুদক।

গোপন ও স্পর্শকাতর অর্থনৈতিক অপরাধের বিচারে আন্তর্জাতিক সংস্থাগুলোর এই প্রত্যক্ষ তথ্য সরবরাহ বাংলাদেশের অর্থ পাচার প্রতিরোধ ও অপরাধীদের সম্পদ বাজেয়াপ্তকরণ প্রক্রিয়ায় এক অভূতপূর্ব গতি আনবে বলে মনে করছেন সংশ্লিষ্ট আইন বিশেষজ্ঞরা।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

রিলায়েন্ট মিডিয়া

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.