চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নবাগত আইনজীবীদের প্রশিক্ষণ কর্মশালা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দিচ্ছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি: সংগৃহীত
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিষয়ে সরকার সবকিছু গভীরভাবে যাচাই–বাছাই করে সঠিক সময়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে। আইনমন্ত্রী বলেন, রাষ্ট্রপতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাজনৈতিক দলগুলোর উঠানো দাবি এবং সমগ্র পরিস্থিতির আইনি ও সাংবিধানিক দিকগুলো পরীক্ষা-নিরীক্ষা করে যথাসময়ে পদক্ষেপ নেওয়া হবে।
রোববার দুপুরে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নবাগত আইনজীবীদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।
রাষ্ট্রপতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও বিচারের দাবির বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে আইনমন্ত্রী জনগণের দাবির প্রতি শ্রদ্ধা এবং আইনি ন্যায়বিচারের ওপর জোর দেন। পদত্যাগী রাষ্ট্রপতির চিকিৎসার জন্য বিদেশযাত্রায় কোনো নিষেধাজ্ঞা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত ও অত্যন্ত গোপনীয় বিষয়। রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে যে কারও ভ্রমণের ওপর বিধিনিষেধের বিষয়টি যথাসময়ে প্রকাশ করা হবে বলে তিনি স্পষ্ট করেন।
নতুন রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে সংবিধানের সুনির্দিষ্ট ধারার কথা উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, সংবিধানের ১২৩-এর (২) অনুচ্ছেদ অনুযায়ী পদত্যাগের দিন থেকে পরবর্তী ৯০ দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের আইনি বাধ্যবাধকতা রয়েছে। জাতীয় নাগরিক পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিস ও ইনকিলাব মঞ্চসহ বিভিন্ন সংগঠনের উত্থাপিত গ্রেপ্তারের দাবির বিষয়ে তিনি বলেন, রাজনৈতিক দলগুলো যেকোনো দাবি তুলতেই পারে, তবে সেই দাবি কতটা আইনসংগত ও যৌক্তিক—তা সরকার গুরুত্বের সাথে খতিয়ে দেখবে।
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, "সরকার সবকিছু যাচাই–বাছাই করে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা নেবে, এই ভরসাটুকু প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার ওপরে রাখতে হবে। তিনি বলেন, আমরা একদিকে যেমন জনদাবিকে গুরুত্ব দেব, একই সঙ্গে কেউ অন্যায়ের শিকার হোক, সেটাও চাইব না।"
সংবাদ সম্মেলনে দেশের অর্থনৈতিক দুর্নীতি ও আইনশৃঙ্খলার বর্তমান চিত্রও তুলে ধরেন আইনমন্ত্রী। তিনি জানান, বিশ্বখ্যাত 'টাইম ম্যাগাজিন'-এর প্রতিবেদন অনুযায়ী বিগত ১৬ বছরে বাংলাদেশ থেকে নথিভুক্ত উপায়ে অন্তত ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার অবৈধভাবে বিদেশে পাচার হয়েছে। বিগত সরকারের আমলে উন্নয়ন প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট ও প্রাতিষ্ঠানিক দুর্নীতির মাধ্যমে এ বিপুল অর্থ পাচার করে দেশের অর্থনীতিকে মারাত্মক ক্ষতিগ্রস্ত করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
বর্তমানে দেশে কোনো বিচারবর্হিভূত হত্যাকাণ্ড বা গুমের ঘটনা ঘটছে না উল্লেখ করে মিথ্যা মামলা বন্ধে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দেন মন্ত্রী। ফৌজদারি কার্যবিধিতে ১৭৩ (এ) ধারা সংযোজনের কথা জানিয়ে তিনি বলেন, বর্তমান সরকারের আমলে পুলিশ বাদী হয়ে কোনো হয়রানিমূলক মামলা করছে না এবং যেকোনো সুনির্দিষ্ট তথ্য পেলে তা দ্রুত সংশোধন ও বিচারের আওতায় আনা হচ্ছে।
গত শুক্রবার স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি তারিক আহমদের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান এবং স্থানীয় বিচার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
রিলায়েন্ট মিডিয়া
© 2026 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
