সাতবার ব্যর্থ হওয়ার পর অবশেষে ফাইনাল খেলতে পারছে দক্ষিণ আফ্রিকা। বারবার সেমিফাইনাল থেকে বিদায় নেয়ায় নামের পাশে জুটেছিল চোকার্স তকমা। অবশেষে তা ঘোচানোর সময় এসেছে প্রোটিয়াদের সামনে। প্রথমবারের মত আজ বিশ্বকাপ ফাইনালে খেলতে নামছে দলটি। ভারতের বিপক্ষে শিরোপা নির্ধারণি এই ম্যাচে মাঠে নামার আগে অধিনায়ক এইডেন মার্করাম জানিয়েছেন, চ্যাম্পিয়ন হতে ক্ষুধার্ত হয়ে আছে তাঁর দল।
ফাইনালের আগে সংবাদ সম্মেলনে মার্করাম বলেন, ফাইনালে উঠে আমরা সবাই খুব খুশি ছিলাম। সবারই এমন হয়। তবে ম্যাচ শেষে ড্রেসিংরুমে এ ভাবনা উঠেছে, এখনো একটি ধাপ বাকি আছে। এটা গোটা দলেরই ভাবনা। ক্রীড়াবিদেরা প্রতিদ্বন্দ্বিতা পছন্দ করে এবং কেউ হারতে পছন্দ করে না, ফাইনালে তো নয়ই। তাই আমার মনে হয় না খেলোয়াড়েরা এতটুকুতেই সন্তুষ্ট হয়েছে। আগামীকালের (আজ) ম্যাচটি জিততে সবাই ভীষণ ক্ষুধার্ত হয়েই আছে।
তাঁর অধীনেই প্রথমবারের মত ফাইনালে ওঠেছে দক্ষিণ আফ্রিকা। তবে এটিকে দলগত সাফল্য হিসেবেই আখ্যায়িত করেছেন মার্করাম নিজের অনুভূতি জানিয়ে তিনি বলেন, দেশ থেকে অনেক সমর্থন পেয়েছি। সাবেকরা সমর্থন জানিয়েছেন, যেটা দল হিসেবে আমাদের জন্য দারুণ ব্যাপার। শৈশবে যাঁরা আমাদের প্রেরণা ছিলেন, তাঁদের এখন গর্বিত করার সুযোগটা পাচ্ছি। আমার মনে হয় না দলকে এ অবস্থানে আমি একাই তুলে এনেছি। এটা দলীয় প্রচেষ্টার ফসল। কয়েক বছরের দলীয় এ অভিযাত্রায় আমরা শেষ পর্যন্ত প্রথম ফাইনালের দেখা পেলাম। এবারের আসরে বেশ কিছু ক্লোজ ম্যাচ জিতে নিয়েছে প্রোটিয়ারা। সেসব অভিজ্ঞতা কাজে লাগবে জানিয়ে মার্করাম বলেন, বেশ কিছু ক্লোজ ম্যাচ হয়েছে। কিছু নির্দিষ্ট ম্যাচে আমরা সম্ভবত আমাদের সেরা ক্রিকেটটা খেলিনি। তবে জেতার সেই ইচ্ছার কারণে যেভাবেই হোক কাজ সম্পন্ন করে আসতে পেরেছি আমরা। তাই সম্ভবত সেটা এমন এক জিনিস, যা দলের মধ্যে গড়ে উঠেছে। সেই ক্লোজ ম্যাচগুলো জিতলে প্রচুর বিশ্বাস নিয়ে এগিয়ে যাওয়া যায়। মনে হবে যেকোনো পরিস্থিতি থেকেই জেতা সম্ভব।