টুর্নামেন্টে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে শক্তিশালী ভারতের বিপক্ষে আজকের ম্যাচে টসভাগ্য হয়েছে শান্তদের। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে।
টস জিতে ফিল্ডিং নেওয়া প্রসঙ্গে বাংলাদেশ অধিনায়ক শান্ত বলেন, ‘তাদের (রোহিতদের) কম রানের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই এবং সেটি তাড়া করে আমরা ম্যাচটি জিততে চাই। আমরা কন্ডিশন সম্পর্কে জানি। বাতাসের একটি বিষয় আমাদের মাথায় আছে। আশা করি, আমরা ভালো করতে পারব। উইকেট ভালো। ১৫০-১৬০ ভালো স্কোর বলে মনে করি।’
এর আগে, সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় লাল সবুজেরা। আজ ভারতের বিপক্ষে বাঁচামরার ম্যাচ খেলতে নেমেছে টাইগাররা। এই ম্যাচ হারলে আসর থেকে বিদায় নিশ্চিত হয়ে যাবে তাদের।
এদিকে, আগের ম্যাচের একাদশ থেকে তাসকিনের জায়গায় একাদশে ফিরেছেন জাকের আলী অনিক।
বাংলাদেশ-ভারতের মধ্যকার সুপার এইটের ম্যাচটি রাত সাড়ে ৮টায় শুরু হবে স্যার ভিভ রিচার্ড স্টেডিয়ামে। বাংলাদেশ ম্যাচটি জিতে গেলে সেমিফাইনালে উন্নীত হওয়ার রেসে থাকবে। হেরে গেলে দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিতে হবে টাইগার বাহিনীকে। গ্রুপ পর্বে তিন ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে সুপার এইটে উন্নীত হয় বাংলাদেশ। টি২০ বিশ্বকাপে এটাই বাংলাদেশের সেরা সাফল্য।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মাহেদী হাসান, জাকের আলি অনিক, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন ও তানজিম হাসান সাকিব।