ছবি:সংগৃহীত
দেখতে দেখতে শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্ব। ২০ দলের আসর থেকে বিদায় নিয়েছে ১২ দল। চার গ্রুপের সেরা দুটি করে দল উঠেছে বিশ্বকাপের পরের পর্বে। এই আট দল নিয়ে গতকাল থেকে শুরু হচ্ছে বিশ্বকাপের সুপার এইটের পর্ব। এদিকে প্রায় দেড়যুগ পর বাংলাদেশ উঠে এসেছে বিশ্বকাপের সেরা আটে। তবে এবার টাইগারদের সামনে সুযোগ সাফল্যের পাল্লা আরো ভারী করার। হাতছানি দিচ্ছে সেমিফাইনাল। কিন্তু সুপার এইটের প্রথম ম্যাচেই শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি বাংলাদেশ। আগামীকাল ওয়েস্ট ইন্ডিজের এন্টিগুয়ায় স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে সকাল সাড়ে ৬টায় সুপার এইটের মিশনে নামবে টাইগাররা।
২০০৭ সালের পর প্রথমবার সুপার এইটে এসেছে বাংলাদেশ। তবে এই পর্বে এখনো জয় অধরা টাইগারদের। অস্ট্রেলিয়া বিপক্ষে মাঠে নামবে সাকিব-শান্তরা সেই ক্ষুধা পূরণের লক্ষ্যেই। যদিও তা মোটেও সহজ হবে না, পূর্ণ শক্তি নিয়েই যে প্রস্তুত অস্ট্রেলিয়া। এছাড়া অতীত পরিসংখ্যানও কথা বলে অজিদের পক্ষেই। বাংলাদেশের বিপক্ষে ১০টি টি-টোয়েন্টি খেলে অজিদের জয় ছয়টি ম্যাচে। বাংলাদেশ জয়ী হয়ে মাঠ ছেড়েছে বাকি চারবার। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয় বাংলাদেশ। সেই ম্যাচে ৮ উইকেটে হার শান্তর দলের। পরিসংখ্যানে এগিয়ে থাকলেও বাংলাদেশকে সমীহ করছেন অসি অধিনায়ক মিচেল মার্শ। জিততে হলে সেরাটা দেওয়ার প্রতিশ্রুতি এই তারকা ক্রিকেটারের।
বাংলাদেশকে সমীহ করে মার্শ বলেন, ‘যে দলগুলো সুপার এইটে খেলছে, তারা কেউই সহজ প্রতিপক্ষ নয়। কারণ সবাই নিজেকে প্রমাণ করেই এই মঞ্চে এসেছে। এই ধরনের কন্ডিশনে বাংলাদেশ আমাদের জন্য শক্ত প্রতিপক্ষ। তাদের প্রতি আমাদের যথেষ্ঠ সম্মান আছে। আশাকরি তাদের বিপক্ষে নিজেদের সেরাটাই দিতে পারব।’ প্রতিপক্ষ হিসেবে অজিরা বেশ কঠিন হলেও চ্যালেঞ্জ নিতে মুখিয়ে শান্তরা। ম্যাচ পূববর্তী সংবাদ সম্মেলনে তেমনটাই জানিয়েছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এই বিষয়ে তিনি বলেন,‘পরিকল্পনা অন্য সব দলের মতোই, ব্যাটিং কিংবা বোলিংয়ে আমরা শক্তিশালী শুরু পেতে চাই। তবে অনেক জায়গাতেই ব্যাটারদের জন্য চ্যালেঞ্জিং হয়ে উঠছে পিচ। আর পিচের চরিত্র বোঝাও খুব কঠিন। আমরা ভেবেছিলাম সেন্ট ভিনসেন্টের পিচ ভালো হবে। কিন্তু সেটাই খুব কঠিন হয়ে উঠল। বোলিংবান্ধব হয়ে উঠল, সেটি শুধু পেস কিংবা স্পিন নয়, দুটোতেই। তাই আমাদের পরিকল্পনা হলো ব্যাটিং বা বোলিং যেটাই হোক, শুরুটা ভালো করা।’
ফলে বিশ্বমঞ্চে প্রথমবার অস্ট্রেলিয়া বধ রূপকথা লিখতে পারবে টাইগাররা? সেমিফাইনালের দৌড়ে টিকে থাকলে যে এমন অঘটন ঘটাতেই হবে শান্তদের। যেখানে বাংলাদেশ দলের তুরুপের তাস হতে পারেন সাকিব আল হাসান। অস্ট্রেলিয়ার বিপক্ষে বেশ উজ্জ্বল তার পরিসংখ্যান। মুখোমুখি দেখায় প্রায় ২৯ গড়ে ব্যক্তিগত সর্বোচ্চ ২৫৭ রান তার। বল হাতেও দ্বিতীয় সেরা তিনি। ১২ উইকেট আছে তার ঝুলিতে। শীর্ষে অ্যাডাম জাম্পার কেবল একটা বেশি। আর অস্ট্রেলিয়ার জন্য ভয়ের কারণ পেসার মুস্তাফিজের দারুন ছন্দ। নিজের দিনে যে কতটা ভয়ঙ্কর হতে পারেন ফিজ, তা ভালোই জানা দলটির। পাশাপাশি তাসকিন-সাকিবরা সঠিক লাইন, লেন্থ মেনে বোলিং করতে পারলে ভুগতে হতে পারে অজি ব্যাটারদের। এদিকে এই উইকেটে পেসাররা বেশি সুবিধা পেয়ে থাকে, সেক্ষেত্রে জাকের আলীকে বসিয়ে চার পেসারকে নিয়ে একাদশ সাজাতে পারে বাংলাদেশ।
বিষয় : ক্রিকেট বাংলাদেশ অস্ট্রেলিয়া
সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2026 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
