বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান টি-টোয়েন্টি ক্রিকেটে শীর্ষস্থানটি হারিয়েছেন গেলো সপ্তাহে। আইসিসি র্যাঙ্কিংয়ে ৫ নম্বরে চলে গিয়েছিলেন তিনি। বাংলাদেশের সেরা অলরাউন্ডারের জায়গা দখল করেছিলেন আফগানিস্তানের মোহাম্মদ নবি। কিন্তু সাকিবের কাছ থেকে কেড়ে নেওয়া মুকুট এক সপ্তাহও ধরে রাখতে পারলেন না আফগান অলরাউন্ডার। আজ টি-টোয়েন্টি ক্রিকেটে হালনাগাদ করা অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে দেখা গেছে, শীর্ষে নাম লিখিয়েছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মার্কাস স্টয়নিস। অন্যদিকে বড় অবনতি হয়ে নবি চলে গেছেন ৪ নম্বরে।
হালনাগাদ র্যাঙ্কিংয়ে দুই ধাপ উন্নতি হয়েছে সাকিবের। ৫ নম্বর থেকে তিনি উঠে গেছেন ৩ নম্বরে। সাকিবের আগে দ্বিতীয় স্থান দখল করে আছেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা। টি-টোয়েন্টিতে বোলিং র্যাঙ্কিংয়ের শীর্ষে কোনো পরিবর্তন আসেনি। আগের মতোই এই তালিকায় নেতৃত্ব দিচ্ছেন ইংল্যান্ডের লেগস্পিনার আদিল রশিদ। তবে বড় লাফ দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনার আকিল হোসেইন। ৬ ধাপ উন্নতি করে তিনি আছেন ২ নম্বরে।
ব্যাটিং র্যাঙ্কিংয়ে শীর্ষ চার স্থানে কোনো পরিবর্তন আসেনি। এই তালিকায় সূর্যকুমার যাদব, ফিল সল্ট, বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান তাদের আগের ক্রমানুযায়ীই আছেন।