এক দিনও যায়নি ব্রাজিল দলকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন রোনালদিনহো। সেটার রেশ না কাটতেই উত্তরসূরিদের রীতিমতো ধুয়েই দিলেন দেশটির সাবেক এই তারকা ফরোয়ার্ড। জাতীয় দলের কড়া সমালোচনা করে বলেছেন, এই দলটি তাদের ইতিহাসেরই সবচেয়ে বাজে দল। গত শুক্রবার একটি ইউটিউব চ্যানেলে ব্রাজিল দল নিয়ে প্রথমে ক্ষোভ প্রকাশ করেন রোনালদিনহো। ফুটবলারদের মাঝে নিবেদনের ঘাটতি নিয়ে বিরক্তি প্রকাশ করেন ২০০২ বিশ্বকাপ জয়ী এই ফুটবলার। কোপা আমেরিকায় ব্রাজিলের খেলা না দেখার কথাও বলেন।
তবে গতকাল ইনস্টাগ্রামে বিশাল এক পোস্টে দরিভাল জুনিয়রের দলকে নিয়ে চূড়ান্ত হতাশাই প্রকাশ করেছেন রোনালদিনহো। 'এটাই শেষ বন্ধুরা, কোপা আমেরিকায় আমি ব্রাজিলের কোনো খেলা দেখব না এবং কোনো জয়ও উদযাপন না-এটা লজ্জাজনক, আমি কিছু বলার নেই। যথেষ্ট হয়েছে। যারা ব্রাজিলিয়ান ফুটবলকে ভালোবাসেন, তাদের জন্য এটা একটা চরম দুঃখজনক মুহূর্ত… আপনি যখন এই দলটিকে দেখবেন, তখন তাদের খেলা দেখার জন্য স্পিরিট খুঁজে পাওয়া কঠিন।'
চোটের কারণে কোপা আমেরিকায় ব্রাজিল দলে নেই সবচেয়ে বড় তারকা নেইমার৷ তবে আছেন ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো বা এন্দ্রিকের মতো প্রতিভাবান তরুণরা। তবে রোনালদিনহোর চোখে এই দলের শক্ত ভিত নেই। 'এটি সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে খারাপ দলগুলোর মধ্যে একটি। এছাড়াও দলে কোনো নেতা নেই এবং অধিকাংশই গড়পড়তা মানের খেলোয়াড়। এটা আমাদের সবার জন্যই অগ্রহণযোগ্য।' দরিভাল জুনিয়রের অধীনে এখন পর্যন্ত ব্রাজিলের পারফরম্যান্স আহামরি ভালো নয়। সবশেষ প্রীতি ম্যাচে যুক্তরাষ্ট্রের সাথে ড্র করেছে ১-১ গোলে। এর আগে মেক্সিকোর সাথে ৩-২ গোলে জিততেও ঘাম ছুটে যায়।
ব্রাজিলের সাম্প্রতিক পারফরম্যান্স রোনালদিনহোকে উপহার দিয়েছে একরাশ হতাশা। 'আমি এর মতো খারাপ পরিস্থিতি কখনও দেখিনি। ব্রাজিলের জার্সির প্রতি ভালোবাসার অভাব, মানের অভাব এবং ভালো ফুটবলেরও অভাব। আমাদের পারফরম্যান্স আমার দেখা সবচেয়ে খারাপ। এটা খুবই লজ্জাজনক।'