বৃষ্টির বাগড়ায় টস হয়েছে আধঘণ্টা দেরিতে। বাংলাদেশ সময় রাত ৯টায় খেলা শুরু হবে।
নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ। যে ম্যাচকে ঘিরে অনেক দিন আগে থেকেই শুরু হয়েছে আলোচনা। সবার আকর্ষণের কেন্দ্রে এই ম্যাচ। তবে টসের আগেই বৃষ্টির বাগড়া। যে কারণে টসের সময় পিছিয়ে দেওয়া হয়েছে।
বিসির আবহাওয়া পূর্বাভাস বলছে, ম্যাচ চলাকালীন বৃষ্টি হওয়ার সম্ভাবনা ২৪ শতাংশ। হালকা বৃষ্টির সঙ্গে মৃদু বাতাস বইতে পারে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আরও বাড়তে পারে বৃষ্টির আশঙ্কা।
অপরদিকে নিউইয়র্কের স্থানীয় সময় সকাল ১১টায় অর্থাৎ ম্যাচ শুরুর আধা ঘণ্টা পর বৃষ্টির সম্ভাবনা ৫১ শতাংশ, যা পরবর্তীতে বিকেল ৪টা পর্যন্ত একই সম্ভাবনায় রয়েছে। অর্থাৎ এই সময়ের মধ্যে বৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে নেমে যাবে তাপমাত্রাও।
হাইভোল্টেজ ম্যাচের কথা বলা হলেও দুই দলের আত্মবিশ্বাস কিন্তু সমান পর্যায়ে নেই। ভারত আয়ারল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে দারুণ জয়ে টুর্নামেন্ট শুরু করেছে। বিপরীতে পাকিস্তান যুক্তরাষ্ট্রের কাছে অপ্রত্যাশিত হারে চলে গেছে ব্যাক ফুটে। সাম্প্রতিক ফর্মের কথা এলেও পাকিস্তান খুব আহামরি অবস্থায় নেই। তার ওপর মুখোমুখি লড়াইয়েও সংক্ষিপ্ত ফরম্যাটে ভারতের পাল্লা ভারি। ১২ ম্যাচে ভারতের জয় ৮টি। পাকিস্তানের মাত্র ৩টি। টি-টোয়েন্টি বিশ্বকাপেও একই অবস্থা। ৭ ম্যাচে ভারত জিতেছে ৫টি, পাকিস্তান ১টি! টাই হওয়া ম্যাচ ছিল ১টি।
তবে পাকিস্তান কোচ গ্যারি কারস্টেন জোর গলায় বলেছেন, তার দল অতীত নিয়ে ভাবছে না, ‘আমি ইতিহাস নিয়ে কথা বলতে চাই না। তবে আমাদের সেরা ক্রিকেট খেলাটা নিশ্চিত করতে হবে। আরেকটা কথা হচ্ছে এটা ভারত-পাকিস্তান ম্যাচ। তাই ছেলেদের আলাদা করে উজ্জীবিত করতে হবে না। তারা নিজেরাই ভীষণ উজ্জীবিত। তারা এই ম্যাচের দিকে মনোযোগী। কয়েকদিন আগে কী হয়েছে সেটা ভুলে গেছি। এখন আমরা সামনে তাকাতে চাই।’