বিশ্বকাপের আগে পাকিস্তানের বিতর্ক থামছেই না। এ বার দলে নয়, এবার তারা শিরোনামে এল। সৌজন্য সমর্থকদের থেকে টাকা নেওয়া। পাকিস্তান ক্রিকেট দল এখন যুক্তরাষ্ট্রে রয়েছে বিশ্বকাপের জন্য। আগামীকাল তারা বিশ্বকাপের মিশন শুরু করবে। তার আগে পাকিস্তান ক্রিকেট বোর্ড একটি প্রাইভেট ডিনারের আয়োজন করে। যেটা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। প্রাইভেট ডিনার নাম হলেও সেখানে প্রবেশের জন্য সমর্থকদের ডাকা হয়েছিল। আর সমর্থকদের প্রবেশ থাকলেও তাদের থেকে প্রবেশের জন্য ২৫ মার্কিন ডলার করে নেওয়া হয়েছে। অর্থাৎ, বাবর আজমদের সঙ্গে ডিনার করতে হলে এবং সেলফি তুলতে হলে সমর্থকদের টাকা দিতে হবে, এই যুক্তিই দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের ডলাসে সেই আয়োজনের নাম দেওয়া হয় ‘মিট অ্যান্ড গ্রিট’।
এ নিয়ে পাকিস্তানের সাবেক ক্রিকেটার রশিদ লতিফ মুখ খুলেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে। তিনি একটি ভিডিয়ো শেয়ার করেন এই বিষয়ে বলেন, ‘আনুষ্ঠানিক নৈশভোজ তো আছেই, এর ওপর আবার ব্যক্তিগত নৈশভোজ। এমন কাজ কেউ কীভাবে করতে পারে। আপনি ২৫ ডলারের বিনিময়ে আমাদের খেলোয়াড়দের সঙ্গে সাক্ষাৎ করছেন।’ তিনি আরও বলেন, ‘তোমরা নৈশভোজে অংশ নিতেই পারো, কিন্তু তাতে বাণিজ্যিক স্বার্থ যেন জড়িয়ে না থাকে। তোমরা দাতব্য সংস্থার নৈশভোজে যেতে পারো, তহবিল সংগ্রহ করতে পারো। কিন্তু এটি একটি ব্যক্তিগত অনুষ্ঠান, যার সঙ্গে পাকিস্তান ক্রিকেটের নাম জড়িয়ে। এ ধরনের ভুল আর করো না।’
রশিদ লতিফ পরামর্শ দেন। টাকা উপার্জন করতে গেলে চ্যারিটি ডিনার করা উচিত। যেখান থেকে আয় করা টাকা কোনও ভালো কাজে দান করা উচিত। সেটা না করে অফিসিয়াল ডিনার থেকে টাকা কামানোর কোনও অর্থ হয় না। আর পাকিস্তান ক্রিকেট বোর্ড এই টাকা নিয়ে কোথায় খরচ করবে সেটাও জানায়নি।