ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে আগামী ২ জুন সকালে শুরু হচ্ছে নবম টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর। ৮ জুন সকালে ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশনে নামছে বাংলাদেশ। এদিকে বিশ্বকাপ মিশনের আগে আয়োজক যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথমবার কোনও সিরিজ খেলতে নেমেছে টাইগাররা। এমন ম্যাচে আগে ব্যাট করতে নেমে ফের টপ অর্ডারদের ব্যর্থতায় ধুকতে থাকে বাংলদেশ। তবে তাওহীদ হৃদয়ের অর্ধশতক ও মাহমুদউল্লাহ রিয়াদের ক্যামিও ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৩ রানের সংগ্রহ পায় টাইগাররা।
টসে হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের হয়ে ইনিংস শুরু করতে আসেন লিটন দাস ও সৌম্য সরকার। শুরু থেকে দেখেশুনে খেলতে থাকে টাইগার এই দুই ওপেনার। থিতু হয়ে যেয়ে ইনিংসের দ্বিতীয় ওভারেই জীবন পায় লিটন। আলী খানের করা বলে উইকেটের পিছনে ক্যাচ মোনাঙ্ক প্যাটেলের হাত ফসকে গেলে বেঁচে যান তিনি। ২ রানে জীবন পেয়ে পরের ওভারে ছক্কা হাঁকান লিটন। এরপর ভালো শুরুর আভাস দেন দুই ওপেনার সৌম্য সরকার ও লিটন দাস। তবে দলীয় ৩৪ রানে যেয়ে খেই হারায় সৌম্য-লিটন। এখানেও ব্যর্থ লিটন। ১৫ বলে ১৪ রান করে আউট হন তিনি। লিটনের বিদায়ের পর পরই ১৩ বলে ২০ রান করে সাজঘরে ফিরে যান সৌম্য।
জোড়া উইকেট হারিয়ে থুকতে থাকা টাইগারদের সামাল দিতে ব্যাটিংয়ে আসেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও তাওহিদ হৃদয়। এদিনও ব্যার্থ শান্ত। উইকেটে থিতু হয়ে দলীয় ৫১ রানে সাজঘরে ফেরেন টাইগার অধিনায়ক। সাজঘরে যাবার আগে ১১ বলে ৩ রান করেন তিনি। এরপর ব্যাট হাতে আসেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। তাকে সঙ্গে নিয়ে চাপ সামাল দেবার চেষ্টা করেন হৃদয়। তবে দলীয় ৬৮ রানে ভুল তাওহীদের ভুল কলে রান আউটে কাটা পড়েন সাকিব। সাজঘরে যাবার আগে ১২ বলে ৬ রান করেন তিনি।