শুরুতেই জোড়া শিকার করেন তাসকিন আহমেদ। দুর্দান্ত ফর্মে থাকা পেসার প্রথম ওভারে বিদায় করলেন ব্রায়ান বেনেটকে (০)। এরপর জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজাকে (১৭) বোল্ড করে ফেরান। পঞ্চম ওভারে মারুমানিকে (১৪) এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে বিদায় করেন সাকিব।
৫ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে জিম্বাবুয়ের সংগ্রহ ৩৩ রান।
এর আগে তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকারের ওপেনিং জুটিতে বাংলাদেশ বড় স্কোরের আশা জাগায়। কিন্তু শতাধিক রানের জুটি ভাঙতেই ভেঙে পড়ে ব্যাটিং লাইন। পরবর্তী ৪২ রানে আরও ৯ উইকেট হারিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টিতে ১৪৩ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। ১০ ওভারে ৯০ করার পর টাইগারদের ইনিংস থেমেছে ১৯.৫ ওভারে।
সিরিজে দ্বিতীয় ফিফটিতে ৩৭ বলে ৫২ রান করেন তানজিদ। আরেক ওপেনার সৌম্য সরকার করেন ৩৪ বলে ৪১ রান। দুজনের উদ্বোধনী জুটিতে আসে ১০১ রান। এরপর আর কেউই উইকেটে টিকতে পারেননি। তিন নম্বরে নামা তাওহিদ হৃদয় করেন ১২ রান।আর কেউ দুই অঙ্ক ছুঁতে পারেননি। ২০ রানে ৩ উইকেট নেন লুক জঙ্গি। এছাড়া ব্রায়ান বেনেট ও রিচার্ড এনগারাভা নেন ২ উইকেট।