লিভারপুল আর ইয়ুর্গেন ক্লপের জন্য আর কিছু কি বাকি আছে? এফএ কাপের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে পড়া, লিগ কাপের ফাইনালে হার এবং ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়া—সব হারানো লিভারপুলের জন্য কিছু পাওয়ার জায়গা হয়ে ছিল প্রিমিয়ার লিগ।
কিন্তু লিগের মাঝপথ থেকে শুরু করে লম্বা একটা সময় শীর্ষে থাকা দলটি ম্যানচেস্টারের দুই ক্লাব সিটি ও ইউনাইটেডের সঙ্গে ড্র করে আর পরে ক্রিস্টাল প্যালেস ও এভারটনের কাছে হেরে শিরোপা লড়াই থেকেই দূরে সরে গেছে। পরিস্থিতি আরও বাজে হয়েছে ওয়েস্ট হামের সঙ্গেও ড্র করায়।
চার শিরোপা জিতে দুর্দান্ত একটি মৌসুমের স্বপ্ন দেখা লিভারপুল হঠাৎ করেই এলোমেলো হয়ে পড়ে। অ্যানফিল্ডজুড়ে কেমন যেন বেদনার বিউগল বাজতে শুরু করে। এর মধ্যেই গতকাল ঘরের মাঠে টটেনহামকে ৪–২ গোলে হারিয়েছে ক্লপের দল। এমন নয় যে এই জয়ে সিটি আর আর্সেনালের সঙ্গে আবার শিরোপা লড়াইয়ে ফিরেছে লিভারপুল। ৩৬ ম্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে আর্সেনাল আছে শীর্ষে। সমান ম্যাচে তৃতীয় স্থানে থাকা লিভারপুলের পয়েন্ট ৭৮। আর এক ম্যাচ কম খেলে ৮২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে সিটি।
অবস্থা যখন এই, টটেনহামের বিপক্ষে জয়টি কি লিভারপুলের সমর্থকদের হতাশার ক্ষতে প্রলেপ দিতে পারবে? তেমনটা মনে করার লোক হয়তো বেশি পাওয়া যাবে না। দুর্দান্ত এই জয়ের পরও ক্লপও হয়তো সে রকম কিছু ভাবছেন না। তবে এটাকে তিনি দেখছেন লিভারপুলের এ মৌসুমের পারফরম্যান্সের প্রতিচ্ছবি হিসেবে!
ম্যাচ শেষের পর সংবাদ সম্মেলনে লিভারপুলের জার্মান কোচ ক্লপ বলেছেন, ‘এটা কিছুটা হলেও মৌসুমের প্রতিচ্ছবি। সত্যি, সত্যি বাজে অবস্থা হয়ে যাওয়ার আগপর্যন্ত আমরা খুবই ভালো খেলেছি। এখন আবার আমরা ঠিক আছি।’