আগামী ১ জুন থেকে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনা কেমন, সেটি নিয়েও কথা বলেছেন সাকিব।
সাকিব জানান, বিশ্বকাপে অনেক দল খেলে। কিন্তু আলোচনা হয় পাঁচ-ছয়টি দল নিয়ে।
যুক্তরাষ্ট্রের একটি অনুষ্ঠানে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে সাকিব বলেন, ‘আমরা বিশ্বকাপ জিতব এমন কথা বলতে পারব না। আমরা এমন এক দল, ভালো খেললে একদম ওপরে উঠে যাই। খারাপ খেললে অধঃপতন হতেই থাকে। এটি আমাদের ক্রিকেট দলের সমস্যা। আমরা মাঝামাঝি ব্যালেন্স করে চলতে পারি না। এটি অবশ্য কেবল ক্রিকেট দলের নয়, আমাদের জাতিগত সমস্যা। তা ছাড়া, বিশ্বকাপ খেলে অনেক দল। আলোচনা হয় পাঁচ-ছয়টি দল নিয়ে, যারা নিয়মিত শিরোপা জেতে বা জেতার সামর্থ্য রাখে।’
তবে সাকিবের বিশ্বাস বিশ্বকাপে ভালো করতে পারে বাংলাদেশ, ‘টি-টোয়েন্টিতে যে কেউ যে কাউকে হারাতে পারে, বড় ছোট দল নেই। আমাদের বিশ্বাসটা দরকার, ওই বিশ্বাসটা নিয়ে যদি খেলতে পারি, আমরা ভালো করব। বলছি না, ট্রফি জিততে পারব কি পারব না। তবে আমাদের ভালো কিছুর সম্ভাবনা আছে। আমরা যদি মোমেন্টাম পেয়ে যাই এটা ধরে রাখতে পারি। ভালো কিছু করতে খুব বেশি কিন্তু ম্যাচ জিততে হয় না। আমি আশা করছি আমরা সেটা করতে পারব। আপনাদের সমর্থন থাকলে কেন নয়, কেন নয়। আমি বিশ্বাস করি আমরা করতে পারব।’
বিশ্বকাপে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ, তবে কন্ডিশন থেকে সহায়তা পাওয়ার কথা জানান সাবেক এই টাইগার অধিনায়ক, ‘যদিও আমরা কঠিন গ্রুপে। কিন্তু টি-টোয়েন্টিতে আসলে দলগুলোর পার্থক্য খুব কম হয়। যেকোনো দিন যেকোনো দল যে কাউকে হারিয়ে দিতে পারে। অবশ্যই কঠিন প্রতিযোগিতা হবে। তবে আমার মনে হয় কন্ডিশন যেমন হবে সেটা আমাদের সহায়তা করবে। ওয়েস্ট ইন্ডিজ আমাদের (খেলার) সঙ্গে বেশ মানানসই। একই ধরনের পিচ (বাংলাদেশের মতো) আমরা পেতে পারি। বিশেষ করে ডালাসে। আমি জানি না নিউইয়র্কের পিচ কেমন হবে।’