এবারের আইপিএলে ব্যাট হাতে রীতিমত তান্ডব চালাচ্ছেন হাইনরিখ ক্লাসেন, ট্রাভিস হেড, অভিষেক শর্মা, শিবম দুবেরা। ব্যাটারদের কাছে রীতিমত অসহায় বোলাররা। এবারের আসরে তাই প্রতি ম্যাচেই দেখা যাচ্ছে রানবন্যা। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যানঙ্গালুরুর বিপক্ষে ম্যাচে ৩৯ বলে শতক হাকিয়েছিলেন ট্রাভিস হেড, আর দিল্লীর বিপক্ষে ম্যাচে ১২ বলেই ৪৬ রান করেছিলেন সানরাইজার্স হায়দরাবাদের আরেক ওপেনার অভিষেক শর্মা। বিরাট কোহলির এমন খুনে ব্যাটিং করার সামর্থ্য আছে বলেই জানিয়েছেন সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।
আইপিএলের এবারের আসরে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে আছেন কোহিলি। ৮ ইনিংসে ৩৭৯ রান করেছেন তিনি। তবে রান পেলেও সমালোচনা পিছু ছাড়ছে না তাঁকে। ভারতীয় এই তারকার স্ট্রাইকরেট নিয়ে হচ্ছে বিস্তর আলোচনা-সমালোচনা। তবে সৌরভ মনে করেন স্ট্রাইক রেট কোহলির জন্য কোনো ইস্যুই নয়। বরং ৪০ বলে শতক হাঁকানোর ক্ষমতাও আছে তাঁর। সৌরভ বলেন, ‘বিরাট কোহলির ৪০ বলে সেঞ্চুরি করার সামর্থ্য আছে। ওকে ভয়ডরহীন ক্রিকেট খেলতে হবে, প্রথম বল থেকেই মারতে হবে।’
একই সঙ্গে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিতের সঙ্গে কোহলিরই ওপেন করা উচিত বলেও মনে করেন তিনি। সাবেক এই ভারতীয় অধিনায়ক বলেন, ‘আমার ব্যক্তিগত মত হলো, রোহিত ও বিরাট টি–টোয়েন্টি বিশ্বকাপে ওপেন করুক। এটা খেলায় বড় ধরনের কোনো পরিবর্তন আনবে না। ওদের এটা করার সামর্থ্য আছে। ৫০ ওভারে বিশ্বকাপে আপনারা রোহিতকে দেখছেন। সে নেমেই মারত। এ কারণেই আমরা অসাধারণ দল ছিলাম। রোহিত প্রথম ৭–৮ ওভারে প্রতিপক্ষের ওপর যে চাপ তৈরি করত, সেটা মিডল অর্ডারকে দম ফেলার সুযোগ করে দিত। আমি মনে করি, বিরাট ও রোহিতেরও (টি–টোয়েন্টি বিশ্বকাপে) সেটা করা উচিত। ওরা অসাধারণ খেলোয়াড়।’