আইপিএলে খুব বেশি ম্যাচ হাতে নেই মোস্তাফিজুর রহমানের। সামনে জিম্বাবুয়ের সঙ্গে বাংলাদেশ দলের সিরিজ। মুস্তাফিজ দেশের মাটিতে টি–টোয়েন্টি সিরিজ খেলতে ১০ দিনের মধ্যেই ফিরে আসবেন ঢাকায়। তবে ফেরার আগে আরেকবার আইপিএলের সর্বোচ্চ উইকেটশিকারির স্মারক পার্পল ক্যাপ বা বেগুনি টুপি আরেকবার মাথায় তোলার সুযোগ আছে বাংলাদেশের বাঁহাতি পেসারের সামনে।
৬ ম্যাচে ১১ উইকেট তুলে মোস্তাফিজই এখন চেন্নাইয়ের সর্বোচ্চ উইকেটশিকারি। আগামীকাল চেন্নাই খেলবে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে। ম্যাচটি হবে চেন্নাইয়ের মাঠ এমএ চিদাম্বরম স্টেডিয়ামে।
আইপিএলে সর্বোচ্চ উইকেটশিকারির বেগুনি টুপিটা টুর্নামেন্টের শুরুর দিকে ছিল মোস্তাফিজের মাথায়ই। মাথাবদল হয়ে সেটি এখন যশপ্রীত বুমরার কাছে। মুম্বাই ইন্ডিয়ানসে খেলা এই ভারতীয় পেসার ৭ ম্যাচে নিয়েছেন ১৩ উইকেট। এক ম্যাচ বেশি খেলে ১৩ উইকেট নিয়েছেন পাঞ্জাব কিংসের হারশিত প্যাটেলও।
এ ছাড়া ১২টি করে উইকেট আছে রাজস্থান রয়্যালসের যুজবেন্দ্র চাহাল ও মুম্বাইয়ের জেরাল্ড কোয়েৎজির। উইকেটসংখ্যায় মোস্তাফিজের সামনে থাকা চার বোলারের মধ্যে তিনজনের আজ ম্যাচ আছে। জয়পুরে রাজস্থানের মুখোমুখি হবে মুম্বাই। তবে বুমরা–চাহালদের সঙ্গে উইকেটসংখ্যায় পার্থক্য কম থাকায় মোস্তাফিজ অতিক্রম্য দূরত্বেই আছেন।