নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকাররা বাংলাদেশকে রেখেছিলেন বড় রানের কক্ষপথে। কিন্তু সেখান থেকেই যেন টাইগার ব্যাটিং লাইনআপ থমকে গেল। একপাশে স্বীকৃত ব্যাটার তাওহিদ হৃদয়কে রেখে অপরপ্রান্তে চলেছে আসা যাওয়ার মিছিল।
একসময় দলীয় স্কোর ৩০০ পেরুনোর সম্ভাবনা থাকলেও, সেই লক্ষ্য থেকে এখন অনেকটা দূরেই আছে বাংলাদেশ।
তিন অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম আর মেহেদি হাসান মিরাজ হতাশ করেছেন দলকে। চার উইকেট নিয়ে বাংলাদেশের মূল সর্বনাশ ঘটিয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা।
একাই ফিরিয়েছেন সৌম্যসহ চার ব্যাটারকে। এরমাঝেও বাংলাদেশ স্পর্শ করেছে দলীয় দুইশ রান। দলের একমাত্র ভরসা হয়ে আছেন তাওহিদ হৃদয়। ধীরগতির ইনিংসে দলের সম্ভাবনা টিকিয়ে রেখেছেন তিনি।