× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

১৭ বলে ৫ উইকেটের পতন

অলআউট শ্রীলঙ্কাকে হারিয়ে ইংল্যান্ডের সান্ত্বনার জয়

খেলা ডেস্ক:

৩০ অক্টোবর ২০২৬, ০৩:০৩ এএম । আপডেটঃ ৩০ অক্টোবর ২০২৬, ০৩:০৫ এএম

জয় দিয়ে টুর্নামেন্ট শেষ করল আগেই বাদ পড়ে যাওয়া ইংল্যান্ড। এএফপি

ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে লাহোরে জয়ের সুবাস ছড়িয়েও মাত্র ১৭ বলের ব্যবধানে শেষ ৫ উইকেট হারিয়ে নাটকীয়ভাবে ৫৫ রানে হেরেছে শ্রীলঙ্কা। বেন ডাকেটের রেকর্ড গড়া ১৬৭ রানের সুবাদে নির্ধারিত ওভারে ইংল্যান্ড ৩৮৬ রানের বিশাল সংগ্রহ দাঁড় করালেও, পবন রত্নায়েকের সেঞ্চুরির সুবাদে ৩৮৭ রানের লক্ষ্য তাড়ায় জয়ের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল লঙ্কানরা।

আগে ব্যাট করতে নেমে ওপেনার বেন ডাকেটের ১৩২ বলে ২৪ চারে সাজানো ক্যারিয়ারসেরা ১৬৭ রানের ইনিংসে ভর করে ৫ উইকেটে ৩৮৬ রানের পাহাড়সম রান তোলে ইংল্যান্ড। উদ্বোধনী জুটিতে টম ব্যান্টনকে সঙ্গে নিয়ে ১৬৩ রান তোলেন ডাকেট, যা লঙ্কান বোলারদের শুরুতেই খাদের মুখে ঠেলে দেয়।

জবাবে ব্যাট করতে নেমে দুর্দান্ত লড়াই চালায় শ্রীলঙ্কা। দলের পক্ষে ৭৭ বলে ১৫ চার ও ১ ছক্কায় ১১৮ রানের নান্দনিক ইনিংস খেলেন পবন রত্নায়েকে, আর অধিনায়ক কুশল মেন্ডিস ৭১ বলে ৫ ছক্কায় করেন ৮৯ রান। জয়ের জন্য যখন দলীয় স্কোর ৪২.২ ওভারে ৫ উইকেটে ৩১৫ রান, তখন থেকেই শুরু হয় নাটকীয় ব্যাটিং ধস।

লঙ্কানদের এই করুণ পতনের সূত্রপাত ঘটে ৪৩তম ওভারে সাহান আরাচ্চিগের বিদায়ে। এরপর একে একে দুনিত ভেল্লালাগের রানআউট, লিয়াম ডসনের বলে সেঞ্চুরিয়ান রত্নায়েকের ক্যাচ এবং ওভারের শেষ বলে আশিতা ফার্নান্ডোর আউটে ম্যাচ সম্পূর্ণ ঘুরে যায়। পরের ওভারের প্রথম বলেই স্যাম কারেন ঈশান মালিঙ্গাকে বোল্ড করলে ৩৩১ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস।

এই জয়ে টুর্নামেন্ট থেকে আগেই বিদায় নেওয়া ইংল্যান্ড সান্ত্বনার জয় নিয়ে মাঠ ছাড়লেও, আগামী শনিবার লাহোরে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পাকিস্তান ও শ্রীলঙ্কা শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

রিলায়েন্ট মিডিয়া

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.