‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর অধিনায়ক সম্মেলনে ১০টি বিশ্ববিদ্যালয়ের অধিনায়কদের উপস্থিতিতে উন্মোচিত অফিশিয়াল ট্রফি ও জার্সি। ছবি: সংগৃহীত
বিশ্ববিদ্যালয় পর্যায়ে পেশাদার ক্রীড়া সংস্কৃতি গড়ে তোলা ও দেশের তরুণ প্রজন্মকে উৎসাহিত করার লক্ষ্যে আগামী ২৫ অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এবিজি স্পোর্টস সিটির জুলকান ইনডোর অ্যারেনায় বর্ণাঢ্য এক ‘অধিনায়ক সম্মেলন’ অনুষ্ঠিত হয়। আনভীর বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরের সার্বিক পরিকল্পনা ও পৃষ্ঠপোষকতায় আয়োজিত টুর্নামেন্টটির মূল আকর্ষণ হতে যাচ্ছে রাত্রিকালীন ফ্লাডলাইটের আলোয় ক্রিকেট ও ফুটবলের যুগপৎ লড়াই।
বৃহস্পতিবারের সম্মেলনে টুর্নামেন্টে অংশগ্রহণকারী ১০টি শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট ও ফুটবল দলের ২০ জন অধিনায়ক, প্রতিনিধি এবং খেলোয়াড় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রতিযোগিতার অফিশিয়াল জার্সি ও ট্রফি উন্মোচন, খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ এবং টুর্নামেন্টের সার্বিক নিয়মাবলি পর্যালোচনার পাশাপাশি আনুষ্ঠানিক লটারির মাধ্যমে দুই গ্রুপের দল নির্ধারণ করা হয়। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলের জন্য ১০ লাখ টাকা এবং রানার্স-আপ দলের জন্য ৫ লাখ টাকা প্রাইজমানি ঘোষণা করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এবিজি স্পোর্টস সিটির ডিরেক্টর মো. ইমরুল হাসান বলেন, "এবিজি ইউনিভার্সিটি কাপের যাত্রা ফুটবল ও ক্রিকেট দিয়ে শুরু হলেও ভবিষ্যতে আরও ইভেন্ট যুক্ত করা হবে। আমরা বিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রতিভাবান ক্রীড়াবিদদের জন্য এমন এক প্ল্যাটফর্ম তৈরি করতে চাই, যা তাঁদের জাতীয় দলে অবদান রাখার পথ সুগম করবে।"
তিনি আরও যুক্ত করেন, "বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের দর্শনে উদ্বুদ্ধ হয়ে আমরা দেশের ক্রীড়া অবকাঠামো উন্নয়নে কাজ করছি। এবিজি স্পোর্টস সিটি সেই স্বপ্নেরই বাস্তব রূপ।"
টুর্নামেন্টের গ্রুপ বিন্যাসে ক্রিকেট ক্যাটাগরির গ্রুপ ‘এ’-তে স্থান পেয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি, আইইউবি, ইউল্যাব, ইউনিভার্সিটি অব স্কলার্স ও ড্যাফোডিল। গ্রুপ ‘বি’-তে লড়বে এআইইউবি, নর্থ সাউথ, সোনারগাঁও, ইউআইইউ ও ফারইস্ট। অন্যদিকে ফুটবল ক্যাটাগরির গ্রুপ ‘এ’-তে রয়েছে নর্থ সাউথ, আইইউবি, ইউআইইউ, ফারইস্ট ও ড্যাফোডিল এবং গ্রুপ ‘বি’-তে প্রতিদ্বন্দ্বিতা করবে এআইইউবি, ব্র্যাক, ইউল্যাব, সোনারগাঁও ও স্কলার্স। আয়োজকদের প্রত্যাশা, এই আসর থেকে আগামী দিনের জাতীয় পর্যায়ের অনেক তারকা খেলোয়াড় উঠে আসবে।
সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
রিলায়েন্ট মিডিয়া
© 2026 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
