× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত আমারই ছিল: আসিফ নজরুল

খেলা ডেস্ক:

১৬ সেপ্টেম্বর ২০২৬, ০০:৫০ এএম । আপডেটঃ ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০০:৫১ এএম

সাবেক উপদেষ্টা আসিফ নজরুল। ছবি: সংগৃহীত

ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অংশ না নেওয়ার ঐতিহাসিক ও বিতর্কিত সিদ্ধান্তটি তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা হিসেবে তাঁরই নেওয়া ছিল বলে পুনর্ব্যক্ত করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ নজরুল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের জবাবে নিজের ভেরিফায়েড ফেসবুক পাতায় দেওয়া এক পোস্টে তিনি এই দাবি নিশ্চিত করেন।

মঙ্গলবার বিসিবির তদন্ত কমিটি একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে জানায়, ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে বাংলাদেশের অংশ না নেওয়ার একক দায় আসিফ নজরুলের সিদ্ধান্তেরই ফসল। এর কড়া জবাবে সাবেক উপদেষ্টা প্রশ্ন তুলেছেন, প্রকাশ্যে একাধিকবার তাঁর স্বীকার করা একটি সর্বজনবিদিত বিষয় নিয়ে এতদিন পর বিসিবি কী উদ্দেশ্যে নতুন করে তদন্ত ও তথ্য প্রকাশ করল।

আসিফ নজরুল জানান, ভারতে আয়োজিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাংলাদেশ দলের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে উগ্র হিন্দুত্ববাদীদের চাপের মুখে অপমানজনকভাবে বাদ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিবিআই)। ওই ঘটনার পরপরই বাংলাদেশ দলের নিরাপত্তাহীনতা ও জাতীয় অবমাননার প্রতিবাদ জানিয়ে সফর এড়ানোর সিদ্ধান্ত গৃহীত হয়।

আসিফ নজরুল বলেন, “আমাদের আশঙ্কা যে অমূলক ছিল না, আইসিসির প্রথম রিপোর্টেই তার স্বীকৃতি ছিল। সেখানে ভারতে নিরাপত্তা-আশঙ্কার তিনটি কারণ উল্লেখ করা হয়েছিল—বিশ্বকাপের দলে মুস্তাফিজ থাকলে, বাংলাদেশের সমর্থকরা মুক্তভাবে ঘোরাফেরা করলে এবং বাংলাদেশে নির্বাচন এগিয়ে আসার প্রেক্ষাপটে।”

তিনি আরও জানান, বাংলাদেশ দল যাতে অন্য কোনো নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচগুলো খেলতে পারে, সে জন্য আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাসহ (আইসিসি) বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে দীর্ঘ কূটনৈতিক চেষ্টা চালানো হয়েছিল। কিছু দেশের সমর্থন মিললেও আইসিসিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রশাসনিক আধিপত্যের কারণে তা সম্ভব হয়নি এবং তৎকালীন ভারতীয় কর্তৃপক্ষের পক্ষ থেকেও ইতিবাচক কোনো যোগাযোগ করা হয়নি।

আসিফ নজরুল বলেন, “দেশের মর্যাদা, আমাদের ক্রিকেটার-সাংবাদিক-সমর্থকদের নিরাপত্তা এবং আগামী নির্বাচনের আগে দেশের পরিস্থিতি স্থিতিশীল রাখা—এই তিনটি বিষয়ের ওপর ভিত্তি করেই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম। ছোট দেশ বলে কেউ আমাদের ইচ্ছেমতো অপমান করবে আর আমরা মুখ বুজে মেনে নেব, তা হতে পারে না। আমি সমমর্যাদার ভিত্তিতে ভারতের সাথে বন্ধুত্বে বিশ্বাসী, মাথা নত করে সব মেনে নেওয়াতে নয়।”

ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক এই শীর্ষ কর্মকর্তা দাবি করেন, বিশ্বকাপ বয়কটের ফলে বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে একঘরে হয়ে পড়বে বলে যেসব আশঙ্কা করা হয়েছিল, পরবর্তীতে দেশের ক্রিকেট বোর্ডের বিচক্ষণ পদক্ষেপে সেসব আশঙ্কা পুরোপুরি কেটে গেছে এবং সার্বিক বিবেচনায় নেওয়া সেই সিদ্ধান্তটি শতভাগ সঠিক ছিল।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

রিলায়েন্ট মিডিয়া

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.