× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

৪৮ ছাড়িয়ে ৬৪ দলের বিশ্বকাপ, স্বপ্ন পূরণ করতে পারবেন ইনফান্তিনো

খেলাধুলা ডেস্ক:

২১ জুলাই ২০২৬, ০২:৪৩ এএম । আপডেটঃ ২১ জুলাই ২০২৬, ২১:০০ পিএম

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ইনস্টাগ্রাম

স্পেনের দ্বিতীয় শিরোপা জয়ের মধ্য দিয়ে উত্তর আমেরিকায় সদ্য সমাপ্ত হলো ৩৯ দিনের বিশ্বকাপ ফুটবলের সর্ববৃহৎ আসর। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আয়োজিত প্রথম ৪৮ দলের এই বিশ্বযজ্ঞ সফলভাবে সম্পন্ন হওয়ার পরই ফুটবল অঙ্গনে জোর চর্চা শুরু হয়েছে—আসন্ন ২০৩০ সালের শতবর্ষী বিশ্বকাপে দলসংখ্যা বাড়িয়ে ৬৪-তে উন্নীত করতে চান ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল)-এর তোলা এই প্রস্তাব বাস্তবায়িত হলে বিশ্বমঞ্চে ফুটবল পরিমণ্ডলের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিধি যেমন এক নতুন উচ্চতায় পৌঁছাবে। তেমনই ফিফার আগামী নির্বাচনে ইনফান্তিনোর পুনর্নির্বাচনের পথও জটিল হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো দীর্ঘদিন ধরেই বিশ্বকাপের পরিধি বাড়ানোর পক্ষে সরব। তাঁর মতে, ছোট ও উদীয়মান দেশগুলোকে বিশ্বমঞ্চে অংশগ্রহণের সুযোগ না দিলে তাদের ফুটবলের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়।

৪৮ দলের বর্ধিত আসরে অর্থনৈতিক সাফল্য ও রোমাঞ্চকর পারফরম্যান্স তাঁর এই কৌশলকে যৌক্তিকতা দিয়েছে। ফিফা সভাপতির মূল দর্শনই হলো বাণিজ্য ও অন্তর্ভুক্তি বৃদ্ধি করা। নতুন এই ৬৪ দলের প্রস্তাবের পেছনে প্রধান চালিকাশক্তি হিসেবে কাজ করছে।

২০৩০ সালের শতবর্ষী বিশ্বকাপটি ইউরোপের পর্তুগাল-স্পেন, আফ্রিকার মরক্কো এবং লাতিন আমেরিকার আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়ে—এই ৬ দেশজুড়ে অনুষ্ঠিত হবে। ৬৪ দল অংশ নিলে ১৬টি গ্রুপে ভাগ করে সহজেই প্রতি গ্রুপের শীর্ষ দুই দলকে নিয়ে শেষ ৩২-এর নকআউট পর্ব সাজানো সম্ভব হবে। এতে সদ্য সমাপ্ত আসরের জটিল 'সেরা তৃতীয় দল' বাছাই পর্বের ঝামেলা নিরসন হবে এবং ইতালি, ডেনমার্ক ও নাইজেরিয়ার মতো বাদ পড়া বড় দলগুলোর অংশগ্রহণ নিশ্চিত হবে।

তবে এই প্রস্তাবের বিপরীত চিত্রও স্পষ্ট। ইউরোপীয় ফুটবল সংস্থাগুলোর (উয়েফা) একটি বড় অংশ এই পরিকল্পনাকে ‘বাজে ভাবনা’ উল্লেখ করে মূল প্রতিযোগিতার গুণগত মান নষ্ট হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে।

বিশ্বকাপ রূপায়ণের মাঠের জটিলতার চেয়ে রাজনৈতিক প্রেক্ষাপটই এখন ইনফান্তিনোর জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। সদ্য সমাপ্ত টুর্নামেন্টে বিভিন্ন সিদ্ধান্ত বিতর্ক এবং আমেরিকান আধিপত্যের কারণে উয়েফার আস্থা অনেকটাই হারিয়েছেন ফিফা সভাপতি।

ফুটবল বিশ্লেষকদের মতে, ফিফার অধীনস্থ ২১১টি সদস্য দেশের মধ্যে ৬৪টি দলকে বিশ্বকাপে আনা আয়োজকদের জন্য অসম্ভব নয়। তবে উয়েফার তোপ সামলে নিজের সভাপতি পদ নিশ্চিত করা এবং এশীয় দলগুলোর নিম্নমানের পারফরম্যান্সের সমাধান খোঁজা ইনফান্তিনোর জন্য এক বিশাল পরীক্ষা হতে যাচ্ছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.