বাংলাদেশের দুই ওপেনার তানজিদ হাসান ও সাইফ হাসান। ছবি: জিম্বাবুয়ে ক্রিকেট
মোহাম্মদ সাইফউদ্দিনের টানা চার বলে চার ছক্কার টর্নেডো ইনিংস ও বোলারদের বিধ্বংসী নৈপুণ্যে জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে টি-টুয়েন্টি সিরিজে ১-১ ব্যবধানে সমতা ফিরিয়েছে বাংলাদেশ। আজ শনিবার বুলাওয়েতে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টি ম্যাচে প্রথমে ব্যাট করে বাংলাদেশ ৫ উইকেটে ১৮৬ রান সংগ্রহ করে। জবাবে রান তাড়ায় নেমে রিশাদ হোসেন ও শেখ মেহেদী হাসানের স্পিন ঘূর্ণিতে কুপোকাত হয়ে ১৫২ রানেই থমকে যায় জিম্বাবুয়ের ইনিংস।
টসে হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শুরুটা ছিল দুর্দান্ত। উদ্বোধনী জুটিতে তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান মাত্র ৮১ বলে ১২০ রানের এক বিস্ফোরক পার্টনারশিপ গড়েন। যা আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে ওপেনিংয়ে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ জুটি। জিম্বাবুয়ের ফিল্ডারদের ক্যাচ মিসের মহড়ায় তানজিদ ৪৪ বলে ৫৮ এবং সাইফ হাসান ৪৫ বলে ৫৫ রান করে বিদায় নেন। এরপর মাত্র ১৯ রানের ব্যবধানে দ্রুত ৫ উইকেট হারিয়ে চরম ব্যাটিং ধসের মুখে পড়ে টাইগাররা।
তবে ইনিংসের শেষ ওভারে জিম্বাবুয়েকে ম্যাচ থেকে ছিটকে দেন মোহাম্মদ সাইফউদ্দিন ও ইয়াসির আলী রাব্বি। ইয়াসির ১২ বলে ২২ রানে অপরাজিত থাকেন এবং সাইফউদ্দিন মাত্র ১০ বলে ৪টি ছক্কার সাহায্যে ৩১ রানের ক্যামিও ইনিংস খেলেন। ইনিংসের শেষ ওভারে টানা চার বলে চার ছক্কা মেরে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে অনন্য এক রেকর্ড গড়েন সাইফউদ্দিন। সাইফউদ্দিন সংবাদমাধ্যমকে বলেন, "শেষ ওভারে বড় রান তোলা ছাড়া আমাদের বিকল্প ছিল না। বল ব্যাটে আসছিল। তাই নিজের শক্তির ওপর ভরসা রেখে শট খেলেছি। ২০১৭ সালে মিলারের কাছে ৫ ছক্কা খাওয়ার একটা তিক্ত স্মৃতি বোলার হিসেবে আমার ছিল। আজকের এই রেকর্ড সেই দুঃখ কিছুটা হলেও ঘোচাবে।"
১৮৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের প্রথম ৩ ওভারেই ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে জিম্বাবুয়ে। এরপর অধিনায়ক সিকান্দার রাজা (১২ বলে ২৯) এবং মিল্টন সামুবা (২০ বলে ১৯) ২৫ বলে ৪৪ রানের জুটি গড়ে প্রতিরোধের চেষ্টা করলেও লেগ-স্পিনার রিশাদ হোসেনের জোড়া আঘাতে সেই প্রতিরোধ ভেঙে যায়। শেষ দিকে রায়ান বার্লের ২৯ এবং ইভান্সের ২৫ রান কেবল পরাজয়ের ব্যবধানই কমিয়েছে। বাংলাদেশের পক্ষে রিশাদ হোসেন ৪টি এবং শেখ মেহেদী হাসান ৩টি উইকেট শিকার করেন।
তবে দুর্দান্ত এই জয়ের দিনেও টাইগার শিবিরে রয়েছে ইনজুরির ধাক্কা। নিজের তৃতীয় ওভারের মাঝপথে সাইড স্ট্রেনের চোটে পড়ে মাঠ ছাড়েন গতিময় পেসার নাহিদ রানা। যা টিম ম্যানেজমেন্টের জন্য বড় চিন্তার কারণ। আগামী রোববার (১৯ জুলাই) বুলাওয়েতেই সিরিজের তৃতীয় ও শেষ নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল।
সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2026 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
