× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মেরিনো-ম্যাজিকে বেলজিয়ামকে হারিয়ে সেমিফাইনালে স্পেন, সামনে ফ্রান্স

খেলাধুলা ডেস্ক:

১১ জুলাই ২০২৬, ১৬:২৪ পিএম । আপডেটঃ ১১ জুলাই ২০২৬, ১৬:২৫ পিএম

ম্যাচের ৮৮ মিনিটে বেলজিয়ামের গোলরক্ষকের ভুলের সুযোগ নিয়ে স্পেনের জয়সূচক গোলটি উদ্‌যাপন করছেন মিডফিল্ডার মিকেল মেরিনো। ছবি: রয়টার্স

সুপার-সাব মিকেল মেরিনোর শেষ মুহূর্তের আরও একটি নাটকীয় গোলে বেলজিয়ামকে ২-১ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে স্পেন। গতকাল শুক্রবার (১০ জুলাই) ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস (সোফাই) স্টেডিয়ামের তীব্র গরম ও ৭০,৪৯২ জন দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত এই রোমাঞ্চকর কোয়ার্টার ফাইনালে জয় পায় লুইস দে লা ফুয়েন্তের দল। ম্যাচের ৮৮ মিনিটে বেলজিয়ামের বদলি গোলরক্ষক সেনে ল্যামেন্সের মারাত্মক ভুলের সুযোগ নিয়ে জয়সূচক গোলটি করেন মেরিনো। এই জয়ের ফলে ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন স্পেন দীর্ঘ ১৬ বছর পর আবার বিশ্বকাপের শেষ চারে পা রাখল। যেখানে আগামী মঙ্গলবার ডালাসে ফাইনালে ওঠার লড়াইয়ে তারা মুখোমুখি হবে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট ফ্রান্সের।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলা স্পেন ৩০ মিনিটে ফাবিয়ান রুইজের দুর্দান্ত গোলে এগিয়ে যায়। তবে এর মাত্র ১১ মিনিট পর (৪১ মিনিটে) চার্লস ডি কেতেলেরের চমৎকার হেডে সমতায় ফেরে বেলজিয়াম। যা ছিল এই টুর্নামেন্টে স্পেনের জালে জড়ানো প্রথম গোল। ১-১ সমতায় প্রথমার্ধ শেষ হওয়ার পর দ্বিতীয় ছিটকে যায় বেলজিয়াম। যখন তাদের তারকা গোলরক্ষক থিবো কোর্তোয়া পায়ের পেশির চোটের কারণে অশ্রুসিক্ত চোখে মাঠ ছাড়েন। ম্যাচের ৮৬ মিনিটে বেঞ্চ থেকে মাঠে নামার মাত্র দুই মিনিট পর পাউ কুবর্সির একটি নিচু শট বেলজিয়ামের বদলি গোলরক্ষক ল্যামেন্সের হাত থেকে ফসকে গেলে। সেখানে ওঁৎ পেতে থাকা মেরিনো বল জালে জড়াতে ভুল করেননি।

পর্তুগালের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের পর আবারও বদলি নেমে দলের ত্রাণকর্তা হওয়া মিকেল মেরিনো বলেন, "কাকতালীয় বলে কিছু হয় না। যদি আপনি ভালোভাবে প্রস্তুতি নিয়ে কোনো ম্যাচে নামেন, তাহলে সেই ঘটনা আবারও ঘটার সম্ভাবনা থাকে। আমরা বিশ্বকাপ জেতা থেকে মাত্র দুটি ম্যাচ দূরে এবং আমরা সেদিকেই এগোচ্ছি।"

ইনজুরির ধাক্কা পুরো ম্যাচজুড়েই ভুগিয়েছে বেলজিয়ামকে। ম্যাচ শুরুর আগেই ওয়ার্ম-আপের সময় চোট পেয়ে দল থেকে ছিটকে যান বেলজিক অধিনায়ক ইউরি টিলেমানস। এরপরও কেভিন ডি ব্রুইন ও রোমেলু লুকাকুরা লড়াই চালিয়ে গেলেও স্পেনের ১৭টি শটের বিপরীতে মাত্র ৫টি শট নিতে পেরেছিল বেলজিয়াম। হারের পর চোটের কারণে মাঠ ছাড়তে বাধ্য হওয়া বিধ্বস্ত বেলজিক গোলরক্ষক থিবো কোর্তোয়া বলেন, "আমি খেলা চালিয়ে যেতে চেয়েছিলাম। কিন্তু কোচ শতভাগ ফিট কাউকে চাইছিলেন। সেনে ল্যামেন্সের এই মুহূর্তে জঘন্য অনুভূতি হচ্ছে, আমি জানি। তবে সে একজন দুর্দান্ত গোলরক্ষক এবং এই অভিজ্ঞতা থেকে সে আরও শক্তিশালী হয়ে ফিরবে।"

ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে সেমিফাইনালের মহারণ নিয়ে এখনই সতর্ক। তিনি বলেন, "আমরা ফ্রান্সকে হারানোর জন্য কঠোর পরিশ্রম করব। ওরাও আমাদের মতোই চিন্তিত থাকবে।" ক্যালিফোর্নিয়ার এই ঐতিহাসিক ভেন্যুতে ব্র্যাড পিট, পেনেলোপে ক্রুজ ও নোয়েল গ্যালাঘারের মতো বিশ্বখ্যাত তারকাদের উপস্থিতিতে স্পেনের এই জয় তাদের দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি জয়ের স্বপ্নকে আরও উজ্জ্বল করে তুলল।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.