নরওয়ের বিপক্ষে ২-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায়ের পর মেটলাইফ স্টেডিয়ামের মাঠে ব্রাজিলের জার্সি গায়ে নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচ শেষে বিষণ্ণ ও অশ্রুসিক্ত নয়নে মাঠ ছাড়ছেন নেইমার। ছবি: এএফপি
নরওয়ের কাছে অপ্রত্যাশিত হারে বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মহাতারকা নেইমার। দেড় দশক আগে ২০১১ সালে যুক্তরাষ্ট্রের যে মেটলাইফ স্টেডিয়ামে হলুদ জার্সিতে তাঁর আন্তর্জাতিক যাত্রা শুরু হয়েছিল।
সোমবার রাতের সেই মাঠেই ব্রাজিলের হয়ে নিজের শেষ ম্যাচটি খেলে ফেললেন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। নকআউটের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে সেলেসাওদের বিদায়ের পর নেইমার কান্নাভেজা চোখে বিদায়ের ইঙ্গিত দিলে বিশ্বজুড়ে শুরু হয় তুমুল আলোচনা। এই পরিস্থিতিতে কোটি ভক্তের মতো নেইমারের বাবাও ছেলের এমন সিদ্ধান্ত পুড়ছেন হতাশায়। ইনস্টাগ্রামে এক আবেগঘন পোস্টে তিনি নেইমারকে ক্লাব ফুটবলেও খেলা না ছাড়ার জোর অনুরোধ জানিয়েছেন।
চোট আর অফ ফর্মের কারণে ২০২৩ সালের অক্টোবর থেকে দীর্ঘদিন ব্রাজিল দলের বাইরে ছিলেন নেইমার। বিশ্বকাপের ঠিক আগে ফিট হয়ে কোচ কার্লো আনচেলত্তির দলে ডাক পেলেও শেষ পর্যন্ত তাঁর বিদায়টা হলো ভীষণ বেদনার।
নরওয়ের বিপক্ষে ম্যাচে ব্রাজিলের একমাত্র গোলটি করেও দলকে জেতাতে পারেননি এই সান্তোস তারকা। ম্যাচ শেষে নেইমার বলেন, "আমি চেষ্টা করেছি। সত্যিই চেষ্টা করেছি। এখন সব শেষ। এখানেই (মেটলাইফ স্টেডিয়াম) আমার শুরু হয়েছিল। এখানেই শেষ হলো।"
জাতীয় দলের জার্সি তুলে রাখার সিদ্ধান্ত জানালেও ক্লাব ফুটবলে নিজের ভবিষ্যৎ নিয়ে এখনো ধোঁয়াশা বজায় রেখেছেন এই ফুটবলার।

নেইমারের ফুটবল–যাত্রার শুরু থেকেই সবচেয়ে বড় ছায়া ও সঙ্গী ছিলেন তাঁর বাবা নেইমার সিনিয়র। ছেলের এই কঠিন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর শৈশবের স্মৃতিচারণ করে একটি দীর্ঘ পোস্ট দেন তিনি।
চিঠিতে নেইমার সিনিয়র লেখেন, বাবা হিসেবে ছেলের বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় হয়ে ওঠা দেখার চেয়ে বড় কিছু আর হতে পারে না। চিঠির শেষাংশে তিনি নেইমারকে বলেন, "আমরা একসঙ্গে কেঁদেছি, হেসেছি, উদ্যাপন করেছি, আবার শিখেছিও। একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে পেরেছি। কোনোটাই সম্ভব হতো না যদি ঈশ্বরের আশীর্বাদ আমাদের সঙ্গে না থাকত। তাই বাবা হিসেবে আমার একটা শেষ অনুরোধ—বাবা। তুমি ফুটবল খেলা চালিয়ে যাও।"
নেইমারের এই আকস্মিক বিদায়ের ঘোষণায় ব্রাজিলের ফুটবল ও বৈশ্বিক ক্রীড়াঙ্গনে এক শূন্যতার সৃষ্টি হয়েছে। কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিল দল যখন নতুন করে গুছিয়ে উঠছিল। ঠিক তখন দেশের ইতিহাসের অন্যতম শীর্ষ গোলদাতার এমন প্রস্থান দলের ভবিষ্যৎ পরিকল্পনায় বড় ধাক্কা। তবে ফুটবল বিশ্লেষকদের ধারণা, জাতীয় দল থেকে সরে দাঁড়ালেও বাবার এই আবেগঘন অনুরোধ ও ভক্তদের ভালোবাসার টানে নেইমার তাঁর শৈশবের ক্লাব সান্তোসের হয়ে ক্লাব ফুটবল চালিয়ে যেতে পারেন। বোস্টন ও মেটলাইফ স্টেডিয়ামের কান্নায় মোড়ানো এই রাতটি ব্রাজিলের ফুটবল ইতিহাসে চিরকাল এক ট্র্যাজিক অধ্যায় হিসেবেই স্মর্তব্য থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2026 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
