× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মরক্কোর মুখোমুখি হওয়ার আগে ফ্রান্সের ত্রিমুখী দুশ্চিন্তা

খেলাধুলা ডেস্ক

০৭ জুলাই ২০২৬, ২০:৫১ পিএম । আপডেটঃ ০৭ জুলাই ২০২৬, ২০:৫২ পিএম

ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। রয়টার্স

প্যারাগুয়ের বিপক্ষে স্নায়ুক্ষয়ী পরীক্ষা দিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলেও শেষ আটের লড়াইয়ের আগে চোট ও কার্ডের নতুন শঙ্কায় পড়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। কিন্তু মাঠের লড়াইয়ে নামার আগেই কিলিয়ান এমবাপ্পেদের শিবিরে ভর করেছে একরাশ দুশ্চিন্তা। দলের প্রধান তারকাদের চোটের ধোঁয়াশা এবং কার্ডের জটিলতায় ফরাসি থিঙ্কট্যাংক এখন ডাগআউটে বড় ধরনের কৌশলগত সংকটে ভুগছে।

আগামী ৯ জুলাই (বৃহস্পতিবার) বোস্টনে সেমিফাইনালে ওঠার মহাগুরুত্বপূর্ণ ম্যাচে ফুটবলে আফ্রিকার নতুন সূর্য মরক্কোর মুখোমুখি হবে ফরাসিরা। 

প্যারাগুয়ের শরীরসর্বস্ব ফুটবল ফরাসিদের শুধু মাঠেই পরীক্ষা নেয়নি। বরং তাদের সেমিফাইনালের পথকে বড় ধরনের ঝুঁকিতে ফেলে দিয়েছে। এমবাপ্পের পেনাল্টি গোলে রক্তচাপ বাড়ানো সেই রাতের বাধা পার হলেও সহকারী কোচ গি স্টিফোঁর চোখে ওই জয়ের মূল্য ছিল অনেক চড়া।

বর্তমানে ফরাসি শিবিরে একমাত্র স্বস্তি ফরোয়ার্ড মার্কোস থুরামের অনুশীলনে ফেরা। তবে বাকিটা জুড়ে শুধুই অনিশ্চয়তার মেঘ। অ্যাবডাক্টরের চোটে ভুগতে থাকা নির্ভরযোগ্য মিডফিল্ডার অরেলিয়াঁ চুয়ামেনিকে এখনো চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে কাটাতে হচ্ছে।

ফরাসি সহকারী কোচ গি স্টিফোঁ বলেন, "চুয়ামেনির চোটের কিছুটা উন্নতি দেখছি। তবে ম্যাচটি বৃহস্পতিবার, তাই হাতে সময় বড্ড কম। ও অবশ্য বর্তমানে ব্যক্তিগতভাবে অনুশীলন চালিয়ে যাচ্ছে।"

চোটের পাশাপাশি ফরাসি শিবিরের দুশ্চিন্তা আরও বাড়িয়েছে প্যারাগুয়ে ম্যাচে মাইকেল ওলিসের দেখা হলুদ কার্ডটি। এই কার্ডের কারণে মরক্কোর বিরুদ্ধে তাঁর খেলা নিয়ে শঙ্কা তৈরি হওয়ায় নড়েচড়ে বসেছে ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ)।

গুরুত্বপূর্ণ ম্যাচে ওলিসকে পেতে এই বিতর্কিত হলুদ কার্ডের বিরুদ্ধে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে আনুষ্ঠানিক আপিল করার সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন। ফরাসি ডাগআউট আশা করছে, বৃহস্পতিবারের আগেই এই বিষয়ে ইতিবাচক কোনো সমাধান আসবে।

এদিকে ফ্রান্সের প্রতিপক্ষ মরক্কো যে স্রেফ রূপকথা লিখতে আসেনি, তা হাকিমি-দিয়াজরা ইতোমধ্যে মাঠের পারফরম্যান্সে প্রমাণ করেছেন। গ্রুপ পর্বে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে আটকে দেওয়া, আর নকআউটে নেদারল্যান্ডস ও সহ-আয়োজক কানাডাকে যেভাবে তারা বিদায় করেছে। তা ফরাসি শিবিরকে সতর্কবার্তা দিচ্ছে।

মরক্কোর নিখুঁত পাসিং ফুটবল ও গতিশীল কাউন্টার অ্যাটাকের মিশ্রণকে সম্পূর্ণ ‘নতুন চ্যালেঞ্জ’ হিসেবে দেখছেন ফরাসি সহকারী কোচ। গি স্টিফোঁ আরও বলেন, "ওরা সুসংগঠিত, গোছাল এবং পাল্টা আক্রমণে দারুণ বিপজ্জনক। মাঠের সবখানেই ওদের ব্যক্তিগত নৈপুণ্য দেখানোর মতো বিশ্বমানের ফুটবলার আছে।"

একদিকে আশরাফ হাকিমি আর ব্রাহিম দিয়াজদের নিখুঁত কাউন্টার অ্যাটাক, অন্যদিকে কিলিয়ান এমবাপ্পেদের ইউরোপীয় ঘরানার গতিশীল ফুটবল—সব মিলিয়ে শেষ আটের এই ম্যাচটি এক ক্ল্যাসিক লড়াইয়ের আভাস দিচ্ছে। চোট জর্জরিত ফরাসিরা তাদের অভিজ্ঞতার জোরে সেমির টিকিট কাটবে। নাকি মরক্কোর রূপকথার নতুন কোনো ট্রিলজি লেখা হবে বোস্টনের সবুজ মাঠে। তা দেখতে এখন পুরো ফুটবল বিশ্ব উন্মুখ।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.