× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নরওয়েকে হারিয়ে অতীত ভাঙতে চায় ব্রাজিল, মেক্সিকোর মুখোমুখি ইংল্যান্ড

খেলাধুলা ডেস্ক

০৫ জুলাই ২০২৬, ২০:৩২ পিএম । আপডেটঃ ০৫ জুলাই ২০২৬, ২০:৩৫ পিএম

আজ রাতেই ফয়সালা হবে ব্রাজিল বনাম নরওয়ের ভাগ্য। ছবি: গেটি

বিশ্বকাপ ফুটবলের রোমাঞ্চকর রাউন্ড অব ১৬-এর লড়াইতে আজ ভিন্ন দুই গোলার্ধে ইতিহাস ও চিরশত্রু মনস্তত্ত্বের মুখোমুখি হচ্ছে বিশ্বফুটবলের দুই পরাশক্তি ব্রাজিল ও ইংল্যান্ড। বাংলাদেশ সময় আজ সোমবার রাত দুইটায় নিউ ইয়র্কের নিউজার্সি স্টেডিয়ামে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল লড়বে ইউরোপের ‘ব্ল্যাক হর্স’ নরওয়ের বিপক্ষে। অন্যদিকে মেক্সিকো সিটির ঐতিহাসিক এজটেকা স্টেডিয়ামে স্বাগতিক মেক্সিকোর মুখোমুখি হবে হ্যারি কেইনের ইংল্যান্ড। কোয়ার্টার ফাইনালে ওঠার এই মরণ-বাঁচন লড়াইয়ে দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকেই কেবল মাঠের প্রতিপক্ষ নয়। লড়তে হচ্ছে বিগত কয়েক দশকের নির্মম ও বৈরী ইতিহাসের বিরুদ্ধে।

ষষ্ঠ বিশ্বকাপ বা 'হেক্সা' জয়ের মিশন টিকিয়ে রাখতে ব্রাজিলের সামনে সবচেয়ে বড় বাধা নকআউট পর্বে ইউরোপীয় দলগুলোর কাছে টানা পাঁচ আসরে হেরে বিদায় নেওয়ার মনস্তাত্ত্বিক জুজু। ২০০২ সালের পর থেকে ২০০৬-এ ফ্রান্স, ২০১০-এ নেদারল্যান্ডস, ২০১৪-এ জার্মানি, ২০১৮-তে বেলজিয়াম এবং ২০২২-এ ক্রোয়েশিয়ার কাছে হেরে নকআউট থেকে বিদায় নেয় সেলেসাওরা।

ইউরোপীয় গেরো ছুটিয়ে কোয়ার্টার ফাইনালে যেতে হলে কার্লো আনচেলত্তির ব্রাজিলকে ভাঙতে হবে নরওয়ে-দুর্গ। যাদের বিপক্ষে অতীতে চারবার মুখোমুখি হয়েও কখনো জয়ের মুখ দেখেনি ল্যাটিন আমেরিকার এই দলটি। ১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপে গ্রুপ পর্বের একমাত্র দেখায়ও নরওয়ের কাছে ২-১ গোলে হেরেছিল ব্রাজিল।

ব্রাজিলের মাস্টার ট্যাকটিশিয়ান কোচ কার্লো আনচেলত্তি বলেন, “পরিসংখ্যান যাই বলুক, নকআউটে প্রতিটি ম্যাচই নতুন শুরু। আমরা জাপান ম্যাচে পিছিয়ে পড়েও যেভাবে ঘুরে দাঁড়িয়েছি। সেই আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামব এবং ফুটবল ইতিহাসের প্রথম বিদেশী কোচ হিসেবে বিশ্বকাপ জয়ের নতুন রেকর্ড গড়তেই আমাদের এই যাত্রা।”

ব্রাজিলের আজকের মূল রণকৌশল আবর্তিত হবে বাঁ-দিক দিয়ে প্রতিপক্ষের রক্ষণ চূর্ণ করা রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াস জুনিয়রের গতি ও ড্রিবলিংকে ঘিরে। ব্রুনো গিমারেসের চার অ্যাসিস্টের দূরদর্শী মধ্যমাঠ এবং দুই তরুণ তুর্কি এন্ড্রিক ও রায়ানের সাথে অভিজ্ঞ মার্তিনেল্লি হতে পারেন আনচেলত্তির ট্রাম্পকার্ড। তবে কাসেমিরো ও পাকেতার ইনজুরি দলটির জন্য বড় চিন্তার কারণ।

বিপরীত শিবিরে নরওয়ের প্রধান ভরসা ম্যানচেস্টার সিটির গোলমেশিন আর্লিং হালান্ড। যাকে বোতলবন্দি করতে আর্সেনাল ডিফেন্ডার গ্যাব্রিয়েল ও লিভারপুল গোলরক্ষক অ্যালিসন বেকারের ওপর ভরসা করছে ব্রাজিল। মার্টিন ওডেগার্ডের সৃজনশীলতা এবং আলেকজান্ডার সোরলথের শারীরিক উপস্থিতিতে স্তোলে সোলবাক্কেনের নরওয়ে কাউন্টার-অ্যাটাক ও লং-বলের জোড়া ফলায় ব্রাজিলের দুর্বল ফুলব্যাক পজিশনে আঘাত হানতে চাইবে।

দিনের অন্য ম্যাচে ইংল্যান্ডের সামনে প্রতিপক্ষ ফর্মে থাকা মেক্সিকো এবং সমুদ্রপৃষ্ঠ থেকে সাড়ে সাত হাজার ফুট উচ্চতার ঐতিহাসিক এজটেকা স্টেডিয়ামের তীব্র শ্বাসকষ্টের চ্যালেঞ্জ। এই মাঠেই ঠিক ৪০ বছর আগে ডিয়েগো ম্যারাডোনা ইংল্যান্ডের জাল কাঁপিয়েছিলেন ফুটবল ইতিহাসের সবচেয়ে আলোচিত 'হ্যান্ড অব গড' ও 'গোল অব দ্য সেঞ্চুরি' দিয়ে। যা ইংলিশ ফুটবলের অন্যতম বড় ট্র্যাজেডি।

চলতি আসরে চার ম্যাচের সবকটিতে জিতে একটি গোলও হজম না করা মেক্সিকো নিজেদের মাঠে অপরাজেয়। যেখানে ১০টি বিশ্বকাপ ম্যাচের একটিতেও তারা হারেনি। রাউল হিমেনেস ও হুলিয়ান কিনিওনেসের বিধ্বংসী ও গতিশীল উইং-ট্রানজিশনের দলগত ফুটবল আজ ইংলিশ ডিফেন্সের কঠিন পরীক্ষা নেবে।

ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন বলেন, “আমরা জানি এজটেকার ইতিহাস এবং মেক্সিকোর চেনা কন্ডিশন কতটা কঠিন। তবে ডিআর কঙ্গোর বিপক্ষে চাপের মুখে যেভাবে আমরা ঘুরে দাঁড়িয়েছি, জুড বেলিংহাম ও ডেক্লান রাইসের মাঝমাঠের নিয়ন্ত্রণ দিয়ে আমরা মেক্সিকোর রক্ষণভাগ ভাঙতে প্রস্তুত।”

আজকের এই দুটি রুদ্ধশ্বাস ম্যাচের মহাকাব্যিক সমাপ্তি নির্ধারণ করবে সেমিফাইনালের পথ। কারণ আজকের বিজয়ী দল দুটিই আগামী কোয়ার্টার ফাইনালে একে অপরের মুখোমুখি হবে।


তথ্যসূত্র: বিবিসি 



National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.