× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আলিসন বললেন, ‘ব্রাজিলিয়ানরা বাংলাদেশকে ভালোবাসে’

খেলাধুলা ডেস্ক

৩০ জুন ২০২৬, ১২:৫৬ পিএম । আপডেটঃ ৩০ জুন ২০২৬, ১৪:৪৯ পিএম

ব্রাজিলের গোলকিপার আলিসন বেকার। ইনস্টাগ্রাম

বিশ্বকাপের নকআউট পর্বের নাটকীয় ম্যাচে জাপানকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করার পর বাংলাদেশের সমর্থকদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করেছেন ব্রাজিলের তারকা গোলকিপার আলিসন বেকার। 

গতকাল রাতে শেষ ৩২–এর ম্যাচে জাপানকে ২-১ ব্যবধানে পরাজিত করার পর মিক্সড জোনে আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বাংলাদেশের ফুটবল উন্মাদনার প্রশংসা করেন। 

মাঠের পারফরম্যান্সের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশি সমর্থকদের উদযাপনের ভিডিও বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করায় দূরপ্রাচ্যের এই দেশটির প্রতি সেলেসাওদের এই ভালোবাসার বার্তা এখন ফুটবল বিশ্বে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

জাপানের বিপক্ষে ১-০ গোলে পিছিয়ে পড়ার পর কাসেমিরোর গোলে সমতায় ফেরে ব্রাজিল। এরপর শেষ মুহূর্তের নাটকীয় গোলে রুদ্ধশ্বাস জয় পায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এই ঐতিহাসিক জয়ের পর পুরো বাংলাদেশ যখন উল্লাসে মেতে ওঠে। ঠিক তখনই আলিসন বেকারের এই আন্তরিক বার্তা দেশের ব্রাজিল-ভক্তদের মাঝে নতুন উদ্দীপনা তৈরি করেছে।

সাক্ষাৎকারে আলিসন বেকার বলেন, "ধন্যবাদ বাংলাদেশ, আমাদের সমর্থনের জন্য। আমি বেশ কিছু ভিডিও দেখেছি। বাংলাদেশের মানুষদের আমি ধন্যবাদ দিতে চাই। ব্রাজিলিয়ানরা বাংলাদেশকে ভালোবাসে। ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক।"

শুধু আলিসনই নন, সেলেসাওদের ত্রাতা কাসেমিরোও ম্যাচ শেষে মিক্সড জোনে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের অকুণ্ঠ সমর্থনের জন্য বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

লাতিন আমেরিকার ফুটবলের প্রতি বাংলাদেশের এই অবিশ্বাস্য আবেগ এবারই প্রথম বিশ্ব তারকাদের দৃষ্টি আকর্ষণ করেনি। এর আগে আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজও জর্ডানের বিপক্ষে ম্যাচ শেষে বাংলাদেশের সমর্থকদের উন্মাদনা নিয়ে নিজের মুগ্ধতা প্রকাশ করেছিলেন।

মার্তিনেজ সেই স্মৃতি স্মরণ করে বলেন, "আমি বাংলাদেশকে খুব ভালোবাসি। আমি ওখানে গিয়েছি। আমি জানি, বাংলাদেশ আমাদের জন্য কতটা পাগল। বাংলাদেশের জন্য আমার ভালোবাসা রইল।"

বিশ্বকাপে দল হিসেবে অংশ না নিলেও, দর্শক হিসেবে বাংলাদেশ এখন বৈশ্বিক ফুটবলের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। প্রতিটি ম্যাচ শেষে বাংলাদেশি সমর্থকদের বাঁধভাঙা উল্লাসের চিত্র নিয়মিত স্থান করে নিচ্ছে ফিফাসহ আন্তর্জাতিক প্রধান প্রধান গণমাধ্যমগুলোর শীর্ষ শিরোনামে।

টুর্নামেন্টের সমীকরণ অনুযায়ী, শেষ ষোলোর লড়াইয়ে ব্রাজিলের মুখোমুখি হতে হবে নরওয়ে অথবা আইভরিকোস্টের। অন্যদিকে, আর্জেন্টিনার পরবর্তী মিশন আগামী ৪ জুলাই, যেখানে শেষ ৩২–এর ম্যাচে তারা মাঠে নামবে কেপ ভার্দের বিপক্ষে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.