× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

যুক্তরাষ্ট্র ম্যাচে ‘বেদনাদায়ক শিক্ষা’ পেল প্যারাগুয়ে

খেলাধুলা ডেস্ক

১৩ জুন ২০২৬, ১৯:৪৬ পিএম । আপডেটঃ ১৩ জুন ২০২৬, ২২:২৬ পিএম

যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৪-১ ব্যবধানে বিধ্বস্ত হওয়ার পর ডাগআউটে চিন্তিত ও বিমর্ষ মুখে দাঁড়িয়ে পরবর্তী ম্যাচের রণকৌশল ভাবছেন প্যারাগুয়ের প্রধান কোচ গুস্তাভো আলফারো। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের কাছে ৪-১ গোলের বড় ব্যবধানে হেরে মাঠ ছেড়েছে প্যারাগুয়ে। তিন আসর পর বৈশ্বিক মঞ্চে ফিরে এমন হতাশাজনক সূচনার পর বড় দলগুলোর বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে নিজেদের খেলার ধরন ও আন্তর্জাতিক মানের ঘাটতিগুলো দ্রুত পুষিয়ে নেওয়ার কোনো বিকল্প নেই বলে মনে করেন এই মাস্টারমাইন্ড।

শনিবার অনুষ্ঠিত এই ম্যাচে কৌশলগত, শারীরিক ও টেকনিক্যাল দক্ষতায় প্রতিপক্ষের চেয়ে পিছিয়ে থাকা ল্যাটিন আমেরিকার দলটিকে মাঠেই ‘বেদনাদায়ক শিক্ষা’ পেতে হয়েছে বলে স্বীকার করেছেন দলটির প্রধান কোচ গুস্তাভো আলফারো। 

দীর্ঘ এক যুগ তথা তিন আসর পর বিশ্বকাপের মর্যাদাপূর্ণ মঞ্চে ফিরেছিল প্যারাগুয়ে। তবে ল্যাটিন আমেরিকার এই দলটির প্রত্যাবর্তনটা মোটেও সুখকর হয়নি, বরং বড় হারের তেতো স্বাদ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে গুস্তাভো আলফারোর শিষ্যদের। ম্যাচজুড়ে মার্কিন গতি ও নিখুঁত ফুটবল কৌশলের সামনে দাঁড়াতেই পারেনি প্যারাগুয়ের রক্ষণভাগ।

মাত্স্য পরবর্তী সংবাদ সম্মেলনে দলের বিবর্ণ ও লক্ষ্যহীন পারফরম্যান্স নিয়ে কথা বলতে গিয়ে রূঢ় বাস্তবতা তুলে ধরেন প্যারাগুয়ে কোচ। আলফারো বলেন, “বিশ্বকাপের মতো বড় মঞ্চে আপনাকে আবেগ একপাশে সরিয়ে রাখতে হবে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া, মাঠের মনোযোগ ধরে রাখা এবং প্রতিটি খুঁটিনাটি বিষয়ের ওপর তীক্ষ্ণ দৃষ্টি রাখা।”

তিনি আরও বলেন, “পুরোপুরি যোগ্য দল হিসেবে অত্যন্ত স্বচ্ছ্বতার সাথে ম্যাচটি জিতেছে যুক্তরাষ্ট্র। তারা কৌশলগতভাবে আমাদের পুরোপুরি ছাপিয়ে গেছে। টেকনিক্যাল দিকেও তারা আমাদের চেয়ে অনেক এগিয়ে ছিল এবং শারীরিকভাবেও তারা আমাদের চেয়ে বেশ শক্তিশালী অবস্থানে ছিল।”

ম্যাচের শুরু থেকেই সহ-আয়োজক যুক্তরাষ্ট্রের অতি-আক্রমণাত্মক গতির সাথে তাল মেলাতে হিমশিম খায় প্যারাগুয়ে। মার্কিনদের মুহুর্মুহু আক্রমণের চাপ সামলাতে না পেরে ম্যাচের সপ্তম মিনিটেই নিজেদের জালে বল জড়িয়ে বসেন প্যারাগুয়ের ডিফেন্ডার দামিয়ান বোবাদিয়া। এই আত্মঘাতী গোলের ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি দলটি।

যুক্তরাষ্ট্রের পক্ষে ম্যাচে দুর্দান্ত জোড়া গোল করেন ফোলারান বালোগান। এছাড়া জিওভানি রেইনা আক্রমণভাগের দারুণ সমন্বয়ে দলের হয়ে আরেকটি দৃষ্টিনন্দন গোল করেন। অন্যদিকে, প্যারাগুয়ের একমাত্র সান্ত্বনাসূচক গোলটি ব্যবধান কমালেও তা ম্যাচ বাঁচানোর জন্য মোটেও যথেষ্ট ছিল না।

কোচ আলফারোর মতে, কেবল মাঠের লড়াই বা পরিশ্রমই এই স্তরে জেতার জন্য যথেষ্ট নয়। তিনি বলেন, “কিছু সময় থাকে, যখন কেবল রক্ষণভাগের শৃঙ্খলা, সংকল্পের দৃঢ়তা এবং কঠোর পরিশ্রমই যথেষ্ট হয় না। আমরা যদি এই বিশ্বসেরা প্রতিযোগিতায় আরও সামনে এগিয়ে যেতে চাই। তাহলে এখনও এমন কিছু আন্তর্জাতিক মান ও কৌশল আছে। যা আমাদের খেলায় দ্রুত যোগ করতে হবে। আমাদের খেলোয়াড়দের বুঝতে হবে, বিশ্বমঞ্চে টিকে থাকতে হলে সেগুলো কতটা অপরিহার্য।”

যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ থেকে ‘বেদনাদায়ক শিক্ষা’ পেলেও ভেঙে পড়ছেন না আলফারো। তিনি আশাবাদী যে, তাঁর দল নিজেদের ভুলগুলো দ্রুত উপলব্ধি করতে পেরেছে এবং সামনের দিনের জন্য সঠিক করণীয় নির্ধারণ করতে সক্ষম হবে।

গ্রুপ পর্বে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইতে প্যারাগুয়ে তাদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী তুরস্কের মুখোমুখি হবে। স্যান ফ্রান্সিসকোতে আগামী শনিবার বাংলাদেশ সময় সকাল ১০টায় ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে। আলফারোর শিষ্যরা এই ম্যাচে নিজেদের ঘাটতি পূরণ করে জয়ের ধারায় ফিরতে পারে কি না, সেটাই এখন দেখার বিষয়।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.