উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্জয়, নোরা ফাতেহি ও ভেজেড্রিম। ছবি: সংগৃহীত
উত্তর আমেরিকার হিমেল হাওয়া আর বিএমও ফিল্ডের ৪৩ হাজার দর্শকের গর্জনে ইতিহাস গড়ল কানাডা। আদিবাসী ঐতিহ্য ও আধুনিক পপ সংস্কৃতির মেলবন্ধনে তৈরি এই উদ্বোধনী আসরে বিশ্বখ্যাত তারকাদের পাশাপাশি সুরের ঝড় তুলেছেন বাংলাদেশি-আমেরিকান ডিজে-প্রযোজক সঞ্জয়।
শুক্রবার দুপুর দেড়টায় (বাংলাদেশ সময় রাত ১১:৩০ মিনিট) টরন্টো স্টেডিয়ামে এক বর্ণিল ও জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পুরুষ ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো ঘরের মাঠে যৌথ আয়োজক হিসেবে যাত্রা শুরু করল ম্যাপেল পাতার দেশটি।
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার ভাষায়, এই চমৎকার আয়োজনটি ছিল মূলত ‘কানাডার নানা সম্প্রদায়, সমৃদ্ধ বৈচিত্র্য এবং ফুটবলের মহোৎসব’। স্টেডিয়ামের সাউন্ড সিস্টেমে যখন ফ্যাটবয় স্লিমের ‘Right Here, Right Now’-এর রিমিক্স বেজে ওঠে, তখনই গ্যালারিতে উপস্থিত হাজার হাজার দর্শকের ধমনিতে প্রথম উত্তেজনার ঢেউ বয়ে যায়।
আয়োজনের প্রথম ভাগে শ্রদ্ধা জানানো হয় কানাডার প্রায় ২০ লাখ আদিবাসী মানুষের শিকড় ও ঐতিহ্যকে। আদিবাসী কানাডীয় লোক ও কান্ট্রি সংগীতশিল্পী উইলিয়াম প্রিন্সের সুরের মূর্ছনায় রঙিন পোশাকে আদিবাসী শিল্পীরা যখন মঞ্চে ফুটিয়ে তোলেন মাটির গন্ধ, তখন পুরো স্টেডিয়ামে এক মায়াবী পরিবেশের সৃষ্টি হয়।
ঐতিহ্যের আবহ শেষ হতেই অনুষ্ঠান রূপ নেয় আধুনিক জাঁকজমকে। একদল নৃত্যশিল্পী বিশাল সোনালী বলের আবরণ সরিয়ে উন্মোচন করেন কানাডীয় পপ তারকা অ্যালেসিয়া কারাকে, যিনি কানাডার দশটি প্রদেশকে সম্মান জানিয়ে পরিবেশন করেন তার জনপ্রিয় গান ‘Wild Things’।
এরপর মঞ্চ কাঁপাতে আসেন টরন্টোতে জন্মানো ও বলিউডে আলো ছড়ানো মরক্কান বংশোদ্ভূত নোরা ফাতেহি। তার সঙ্গে ফরাসি শিল্পী ভেজেড্রিম এবং ঢাকায় জন্ম নেওয়া বিশ্বমঞ্চের উদীয়মান তারকা ডিজে সঞ্জয় দেব একসঙ্গে পরিবেশন করেন বিশ্বকাপের অফিসিয়াল গান ‘Siir Siir’। ঘরে বসে বিট বানিয়ে ক্যারিয়ার শুরু করা সঞ্জয়ের এই বৈশ্বিক পারফরম্যান্স গ্যালারিতে উপস্থিত দর্শকদের দারুণভাবে উজ্জীবিত করে।
আয়োজনের শেষভাগে রকিং কিংবদন্তি অ্যালানিস মরিসেট কানাডার জাতীয় সংগীত পরিবেশন করলে স্টেডিয়ামজুড়ে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে ফিফা প্রতিনিধি দল এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলেন, "কানাডা আজ বিশ্বকে তার অনন্য সংস্কৃতি ও আতিথেয়তার নতুন রূপ দেখিয়েছে। সুর, ঐতিহ্য আর ফুটবলের এই মেলবন্ধন ২০২৬ বিশ্বকাপকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে।"
বর্ণিল এই সাংস্কৃতিক পরিবেশনা শেষ হতেই সাউন্ড সিস্টেমে বন জোভির ‘Livin' on a Prayer’ গানের সাথে সুর মেলায় পুরো গ্যালারি। এই জমকালো উৎসবের রেশ কাটার পরপরই আসল লড়াইয়ে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে মাঠে নামে স্বাগতিক কানাডা, যার মাধ্যমে ফুটবল ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হলো।
সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2026 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
