বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতাতে প্রস্তুত কলম্বিয়ান পপ তারকা শাকিরা। ছবি: রয়টার্স
ফুটবল বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে এই প্রথম সব প্রথা ভেঙে একই সাথে তিনটি স্বাগতিক দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধনী আসরের মূল আকর্ষণ হিসেবে থাকছেন বিশ্বখ্যাত কলম্বিয়ান পপ তারকা শাকিরা, যিনি মেক্সিকোর মঞ্চে গাইবেন এবারের বিশ্বকাপের অফিশিয়াল গান ‘ডাই ডাই’ (লেটস গো)।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১১টায় মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে প্রথম উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা বিশ্বকাপের।
২০০২ সালে জাপান ও দক্ষিণ কোরিয়া যৌথ আয়োজক হলেও উদ্বোধনী অনুষ্ঠান হয়েছিল কেবল সিউলে। তবে এবার মেক্সিকোর মেক্সিকো সিটি, কানাডার টরন্টো এবং যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস—তিন শহরের তিনটি ভিন্ন ভেন্যু আলোড়িত হবে উদ্বোধনী ছটায়। তিনটি ভিন্ন সময়ে অনুষ্ঠানগুলো আয়োজিত হলেও আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ভৌগোলিক দূরত্ব ছাপিয়ে পুরো আয়োজনকে এক সুতোয় বাঁধবে ফুটবলের বৈশ্বিক ঐক্য।
আজ বাংলাদেশ সময় রাত ১১টায় মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে ১৬ থেকে ১৭ মিনিটের প্রথম উদ্বোধনী অনুষ্ঠানটি শুরু হবে। এরপর রাত ১টায় উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। এই মেগা ইভেন্ট উপলক্ষে মেক্সিকোর প্রধানমন্ত্রী ক্লদিয়া শেনবাউম দেশটিতে সরকারি ছুটি, স্কুল বন্ধ এবং সরকারি চাকরিজীবীদের জন্য 'ওয়ার্ক ফ্রম হোম' বা বাসা থেকে কাজ করার নির্দেশ দিয়েছেন।
মেক্সিকোর উদ্বোধনী অনুষ্ঠানে দেশটির ঐতিহ্যবাহী কাগজের শিল্প ‘পাপেল পিকাডো’ ও আদিবাসী লোকজ সংস্কৃতির পাশাপাশি মঞ্চ মাতাবেন শাকিরা ও নাইজেরিয়ান গায়ক বার্না বয়। এ ছাড়া পারফর্ম করবেন আলেহান্দ্রো ফার্নান্দেজ, জে বালভিন ও দক্ষিণ আফ্রিকান সংগীতশিল্পী টাইলা।
কানাডার টরন্টো স্টেডিয়ামে দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানটি শুরু হবে আগামীকাল শুক্রবার বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিটে। ১৩ মিনিটের এই আয়োজনে বিশেষ ক্ষণগণনার মাধ্যমে কানাডার গৌরবময় ইতিহাস তুলে ধরা হবে। সেখানে পারফর্ম করবেন মাইকেল বুবলে, নোরা ফাতেহি, ভেজেড্রিম এবং বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পী সঞ্জয়। এরপর রাত ১টায় স্বাগতিক কানাডা মুখোমুখি হবে বসনিয়া ও হার্জেগোভিনার।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে শনিবার ভোর সাড়ে ৫টায় শুরু হবে শেষ উদ্বোধনী অনুষ্ঠানটি। আধুনিক ভিজ্যুয়াল ও গল্পগাথার এই মঞ্চে পারফর্ম করবেন কেটি পেরি, ফিউচার, অ্যানিত্তা, লিসা ও রেমা। এরপর সকাল ৭টায় মাঠে নামবে স্বাগতিক যুক্তরাষ্ট্র ও প্যারাগুয়ে।
অলিম্পিকের একাধিক সফল উদ্বোধনী অনুষ্ঠানের পরিচালক বিশ্বখ্যাত প্রযোজক মার্কো বালিচ রয়েছেন এবারের তিনটি অনুষ্ঠানেরই নেপথ্যে। প্রতিটি শহরের কৃষ্টি ও সংস্কৃতি ভিন্ন হলেও তিনি মূলত ফুটবলের মেলবন্ধনকে ফুটিয়ে তুলছেন।
"প্রতিটি অনুষ্ঠানের আবহ ও চরিত্র ভিন্ন হলেও তিনটি আয়োজনই একটি মূল ভাবনায় একীভূত—ভেদাভেদ ভুলে মানুষকে এক সুতায় গাঁথার যে অনন্য ক্ষমতা ফুটবলের রয়েছে, সেটিই এই ত্রি-উদ্বোধনীর মূল থিম।"— মার্কো বালিচ, মূল প্রযোজক।
সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2026 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
