মিরপুরে ইতিহাস গড়ার লক্ষ্যে আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।
ক্রিকেটের পরাশক্তি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের এক ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে বাংলাদেশ। প্রথম ম্যাচে বৃষ্টি আইনে ৮৬ রানের বড় ব্যবধানে জয় পেয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে মেহেদী হাসান মিরাজের দল। আজ জিতলেই ক্রিকেট ইতিহাসের এক নতুন অধ্যায় রচনা করবে লাল-সবুজের প্রতিনিধিরা, যা আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে উন্নতির পাশাপাশি ২০২৭ বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের পথকে আরও সুগম করবে।
আজ বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বেলা ১১টায় সফরকারীদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মাঠে নামবে স্বাগতিকেরা।
আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে কেবল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে এখনো কোনো ওয়ানডে সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। দীর্ঘ ১৫ বছর পর অজিদের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজে মুখোমুখি হয়ে প্রথম ম্যাচেই আধিপত্য বিস্তার করে জয় তুলে নেয় স্বাগতিকেরা।
বিগত ২১ বছর ও টানা ১৫টি ওয়ানডে ম্যাচের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় পায় বাংলাদেশ। এর আগে ২০০৫ সালে কার্ডিফে অজিদের বিপক্ষে একমাত্র জয়ের স্বাদ পেয়েছিল টাইগাররা। দুই দশকের সেই খরা কাটানোর পর, আজই ব্যাক-টু-ব্যাক জয়ের মাধ্যমে সিরিজ নিজেদের করে নেওয়ার সুবর্ণ সুযোগ মেদেমী মিরাজের দলের সামনে।
দলীয় এই অভাবনীয় রূপান্তর বাংলাদেশ ক্রিকেটকে এক নতুন আত্মবিশ্বাসের জায়গায় দাঁড় করিয়েছে। যেখানে অতীতে শক্তিশালী দলগুলোর বিপক্ষে সিরিজ হার এড়ানোই মূল লক্ষ্য থাকত, সেখানে এবার ছয়বারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া আজ মাঠে নামবে সিরিজ বাঁচানোর কঠিন সমীকরণ সামনে রেখে।
তবে ঐতিহাসিক এই লক্ষ্য অর্জন স্বাগতিকদের জন্য সহজ হবে না বলেই মনে করছেন ক্রিকেট বিশ্লেষকেরা। প্রথম ম্যাচে দর্পচূর্ণ হওয়া অজিরা সিরিজ ধরে রাখতে আজ মরণকামড় দেবে। এই লক্ষ্যে তড়িঘড়ি করে স্কোয়াডে উড়িয়ে আনা হয়েছে অভিজ্ঞ অলরাউন্ডার মিচেল মার্শকে।
অস্ট্রেলিয়ার অভিজ্ঞ তারকা ব্যাটার অ্যালেক্স ক্যারি বলেন, "এটি কেবলই তিন ম্যাচের একটি সিরিজ এবং আমাদের হাতে এখনও দুটি ম্যাচ বাকি আছে। প্রথম ম্যাচের ভুলগুলো শুধরে আমরা এই ম্যাচ থেকেই শক্তিশালীভাবে ঘুরে দাঁড়াতে পারব বলে আশা করি।"
বাংলাদেশ দলের প্রধান লক্ষ্য প্রথম ম্যাচের দাপুটে পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রাখা। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, ব্যাটিং ও বোলিংয়ের এই চমত্কার সমন্বয় ধরে রাখতে পারলে ঘরের মাঠে ক্যাঙ্গারু বধের চূড়ান্ত মিশন সম্পন্ন করা অসম্ভব কিছু নয়।
সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2026 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
