× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নিষিদ্ধের ‘ফন্দি’ ভেস্তে গেল ফিফার, বিশ্বকাপে নেওয়া যাবে পানির বোতল‌

খেলাধুলা ডেস্ক

০৬ জুন ২০২৬, ২০:০৭ পিএম । আপডেটঃ ০৬ জুন ২০২৬, ২০:৩২ পিএম

মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবল উৎসবের আমেজ, ২০২৬ বিশ্বকাপ। ছবি: ফিফা

বিশ্বব্যাপী সমর্থক গোষ্ঠী ও শীর্ষস্থানীয় রাজনীতিবিদদের তীব্র প্রতিবাদের মুখে অবশেষে নিজেদের অনমনীয় অবস্থান থেকে সরে এসেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। নতুন নীতি অনুযায়ী, তীব্র দাবদাহের মধ্যে দর্শকদের স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করে এখন থেকে প্রতিটি ম্যাচে সমর্থকেরা নির্দিষ্ট শর্ত সাপেক্ষে পানির বোতল সঙ্গে নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠেয় ২০২৬ বিশ্বকাপের ম্যাচগুলোতে দর্শকদের জন্য স্টেডিয়ামে পুনর্ব্যবহারযোগ্য পানির বোতল বহনে নিষেধাজ্ঞা দেওয়ার মাত্র তিন দিনের মাথায় গতকাল শুক্রবার এই সিদ্ধান্ত বাতিল করে সংস্থাটি। 

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আনুষ্ঠানিক পোস্টে ফিফা জানিয়েছে, "যুক্তরাষ্ট্র ও কানাডায় অনুষ্ঠেয় ২০২৬ ফিফা বিশ্বকাপের যেকোনো ম্যাচে সব সমর্থক একটি করে নরম প্লাস্টিকের, ৫৯০ মিলি ধারণক্ষমতাসম্পন্ন, ফ্যাক্টরি-সিলড ওয়ানটাইম পানির বোতল সঙ্গে নিয়ে ঢোকার অনুমতি পাবেন।"

তবে নিরাপত্তার স্বার্থে কিছুটা কড়াকড়ি বজায় রাখছে সংস্থাটি। বিবৃতিতে যোগ করা হয়, "নিরাপত্তা ও সুরক্ষার কারণে সমর্থকেরা শক্ত প্লাস্টিক বা ধাতব তৈরি পুনর্ব্যবহারযোগ্য পানির বোতল সঙ্গে নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন না।"

এর আগে গত মঙ্গলবার ফিফা তাদের স্টেডিয়াম বিধিমালার হালনাগাদ সংস্করণে পুনর্ব্যবহারযোগ্য পানির বোতল সম্পূর্ণ নিষিদ্ধ করেছিল। তখন সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছিল, খেলোয়াড় ও দর্শকদের যেকোনো ধরনের চোট বা নিরাপত্তা ঝুঁকি থেকে রক্ষা করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

উত্তর আমেরিকার আয়োজক শহরগুলোতে আগামী দিনগুলোতে তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হওয়ার পূর্বাভাস রয়েছে। এমন প্রচণ্ড গরমের মধ্যে পানি পানের ওপর কড়াকড়ি আরোপ করায় বিশ্বজুড়ে সমালোচনার ঝড় ওঠে।

সমালোচকদের বড় অংশই মনে করছেন, স্টেডিয়ামের ভেতরে ফিফার দীর্ঘদিনের স্পনসর কোকা-কোলার একচেটিয়া ব্যবসা নিশ্চিত করতেই এই ফন্দি আঁটা হয়েছিল। ইংলিশ সমর্থক গোষ্ঠী ‘দ্য ফ্রি লায়ন্স’ এক বিবৃতিতে ক্ষোভ প্রকাশ করে বলেছিল, "স্বাভাবিকভাবেই সমর্থকদের প্রথম প্রতিক্রিয়া হচ্ছে—এটি আসলে টাকা হাতানোর আরেকটি নতুন ফন্দি।"

এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র আপত্তি জানিয়েছিলেন আন্তর্জাতিক রাজনৈতিক ব্যক্তিত্বরাও। নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এক সাক্ষাৎকারে বলেন, "পুনর্ব্যবহারযোগ্য পানির বোতল নিষিদ্ধ করার বিষয়টি উদ্বেগজনক। কারণ, আমরা যে প্রচণ্ড গরমের কথা বলছি, তা শুধু খেলোয়াড়দের জন্যই নয়, দর্শকেরাও কিন্তু দীর্ঘ সময় ধরে এই প্রচণ্ড গরমের মুখোমুখি হবেন।"

একই সুর শোনা গিয়েছিল যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কণ্ঠেও। তিনি ফিফার প্রাথমিক এই সিদ্ধান্তকে ‘ভুল’ আখ্যা দিয়ে একে স্রেফ ‘টাকা কামানোর একটি কৌশল’ হিসেবে অভিহিত করেছিলেন।

আগামী বৃহস্পতিবার থেকে পর্দা উঠছে ফুটবলের এই মহাযজ্ঞের। শেষ মুহূর্তে ফিফার এই সুর নরম করার সিদ্ধান্তকে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের অধিকার ও জনস্বাস্থ্যের বড় জয় হিসেবে দেখছেন ক্রীড়া বিশ্লেষকেরা।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.