দীর্ঘ দুই বছর আগে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নেওয়া অভিজ্ঞ গোলরক্ষক মানুয়েল নয়্যারকে দলে ফিরিয়েই ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করেছে জার্মানি। বৃহস্পতিবার ফ্রাঙ্কফুর্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কোচ ইউলিয়ান নাগলসমান ২৬ সদস্যের এই স্কোয়াড ঘোষণা করেন। দলের অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন ইয়োশুয়া কিমিখ, তবে নয়্যারকেই রাখা হয়েছে এক নম্বর গোলরক্ষকের ভূমিকায়।
২০১৪ বিশ্বকাপজয়ী দলের একমাত্র প্রতিনিধি হিসেবে এবারের আসরে থাকছেন ৪০ বছর বয়সী নয়্যার। অবসর ভেঙে তাঁর ফেরা প্রসঙ্গে কোচ নাগলসমান বলেন, "মানুয়েল কোন মানের খেলোয়াড় এবং দলের জন্য তার অবদান কী, তা সবাই জানে। আমরা তাকে ১ নম্বর গোলরক্ষক হিসেবেই পরিকল্পনা করছি।"
অভিজ্ঞতার মিশেলে গড়া এই দলে ফিরেছেন চোট কাটিয়ে ওঠা বায়ার্ন মিডফিল্ডার জামাল মুসিয়ালা। আর্সেনালের হয়ে প্রিমিয়ার লিগ জয়ী কাই হাভার্টজ ও লিভারপুলের ফ্লোরিয়ান ভির্তৎস থাকছেন আক্রমণভাগের নেতৃত্বে। তবে ফর্মহীনতা ও চোটের কারণে নিকলাস ফুলক্রুগ, সার্জ নাবরি ও মার্ক-আন্দ্রে টের স্টেগেনের মতো বড় নামগুলো জায়গা পায়নি চূড়ান্ত স্কোয়াডে।
তরুণ প্রতিভার ওপর আস্থা রেখে ১৮ বছর বয়সী বায়ার্ন ফরোয়ার্ড লেনার্ট কার্লকে প্রথমবারের মতো বড় টুর্নামেন্টের দলে ডাক দিয়েছেন কোচ। দল ঘোষণার ছয় ঘণ্টা আগে থেকেই জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি) ইনস্টাগ্রামের মাধ্যমে খেলোয়াড়দের নাম প্রকাশ করে সমর্থকদের কৌতূহল বাড়িয়ে দিয়েছিল।
বিশ্বকাপে 'সি' গ্রুপে জার্মানির প্রতিপক্ষ কুরাসাও, আইভরিকোস্ট ও ইকুয়েডর। গত দুই বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা এবার ফিনল্যান্ড ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। নতুন ও অভিজ্ঞের সমন্বয়ে গঠিত এই দল জার্মান ফুটবলের হারানো গৌরব ফিরিয়ে আনতে পারবে কি না, তা এখন দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব।