× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বেতন বৃদ্ধির দাবিতে মেক্সিকোর শিক্ষকদের বিক্ষোভ, অচল হতে পারে বিশ্বকাপ

১৬ মে ২০২৬, ১৩:৫০ পিএম । আপডেটঃ ১৬ মে ২০২৬, ১৩:৫৭ পিএম

বেতন বৃদ্ধির দাবিতে মেক্সিকোর সরকারি স্কুল শিক্ষকদের তীব্র আন্দোলনের মুখে পড়তে যাচ্ছে ফুটবলের সবচেয়ে বড় আসর ‘ফিফা বিশ্বকাপ ২০২৬’।  শুক্রবার (১৫ মে) দেশটির রাজধানী মেক্সিকো সিটিতে হাজার হাজার শিক্ষকের এক বিশাল বিক্ষোভ সমাবেশ থেকে এই আলটিমেটাম দেওয়া হয়েছে। আন্দোলনকারীরা বলেছেন, আগামী ১১ জুন বিশ্বকাপের উদ্বোধনের আগে তাঁদের দাবি মেনে নেওয়া না হলে দেশব্যাপী গণ-আন্দোলনের মাধ্যমে পুরো মেক্সিকো অচল করে দেওয়া হবে। যৌথ আয়োজক হিসেবে বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে শিক্ষকদের এমন অবস্থান মেক্সিকো সরকার ও ফিফাকে চরম ঝুঁকিতে ফেলেছে।

দেশটির জাতীয় শিক্ষক ইউনিয়ন ‘ন্যাশনাল এডুকেশন ওয়ার্কার্স’-এর প্রায় ৩ হাজার বিক্ষুব্ধ সদস্য শিক্ষক দিবস উপলক্ষে রাজধানী মেক্সিকো সিটির রাস্তায় নেমে আসেন। মিছিলটি শিক্ষা মন্ত্রণালয়ের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ব্যারিকেড দিয়ে তাঁদের আটকে দেয়। এ সময় এক আন্দোলনকারীকে ফুটবল নিয়ে ড্রিবলিং করে অভিনব উপায়ে প্রতিবাদ জানাতে দেখা যায়। সমাবেশ থেকে শিক্ষকেরা বলেন, সরকার জনকল্যাণমুখী শিক্ষার চেয়ে মিলিয়ন ডলারের ফুটবল ব্যবসার পেছনে বেশি অর্থ ব্যয় করছে।

আন্দোলনের নেপথ্যে রয়েছে বেতন কাঠামো নিয়ে সরকার ও ইউনিয়ন নেতৃত্বের মধ্যে সাম্প্রতিক এক চুক্তি, যা সাধারণ শিক্ষকদের একটি বড় অংশ প্রত্যাখ্যান করেছেন। যদিও মেক্সিকো সরকার ও শিক্ষক ইউনিয়নের মূল নেতৃত্ব যৌথভাবে ৯ শতাংশ বেতন বাড়াতে সম্মত হয়েছিল, তবে ইউনিয়নের ভেতরে থাকা একটি প্রভাবশালী বিদ্রোহী গোষ্ঠী তা নাকচ করে দিয়ে সরাসরি শতভাগ (১০০%) বেতন বৃদ্ধির দাবি তুলেছে। বর্তমানে মেক্সিকোতে একজন সরকারি স্কুলশিক্ষকের মাসিক গড় বেতন প্রায় ৯৬৭ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ১৮ হাজার টাকা), যা জীবনযাত্রার ব্যয়ের তুলনায় একেবারেই অপ্রতুল বলে দাবি করছেন আন্দোলনকারীরা।

উত্তরাঞ্চলীয় রাজ্য জাকাতেকাস থেকে আন্দোলনে যোগ দেওয়া ফিলিবের্তো ফ্রাউস্ত্রো ওরোজকো নামের এক শিক্ষক বার্তা সংস্থা এএফপিকে বলেন, “আমরা আমাদের দাবিগুলোর অনতিবিলম্বে বাস্তবায়ন চাই। দাবি আদায় না হলে বিশ্বকাপ চলাকালীন আরও তীব্র আন্দোলনের ব্যাপারে আমরা সবাই একমত হয়েছি।”

কূটনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষকরা মেক্সিকোর শিক্ষকদের এই আন্দোলনের হুমকিকে বেশ গুরুত্বের সঙ্গেই দেখছেন। কারণ, অতীতেও বিভিন্ন দাবিতে আন্তর্জাতিক বিমানবন্দরের সংযোগ সড়কসহ রাজধানীর প্রধান প্রধান হাইওয়ে অবরুদ্ধ করে মেক্সিকো সিটি কার্যত অচল করে দেওয়ার নজির রয়েছে এই শিক্ষকদের।

যুক্তরাষ্ট্র ও কানাডার সঙ্গে যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করতে যাওয়া মেক্সিকোতে এই টুর্নামেন্ট ঘিরে প্রায় ৫০ লাখ বৈশ্বিক পর্যটকের সমাগম হবে বলে আশা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে শিক্ষকদের অনমনীয় মনোভাব ও সম্ভাব্য সড়ক অবরোধের ঘটনা দেশটির আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার পাশাপাশি টুর্নামেন্টের সার্বিক নিরাপত্তাকে বড় ধরনের অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে পারে। আগামী কয়েক দিনের মধ্যে সরকার আলোচনার মাধ্যমে সমাধান না আনলে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা রয়েছে।


তথ্যসূত্র: এএফপি


National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.