× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মিরপুর টেস্টে নাহিদ-ঝলক, পাকিস্তানকে হারিয়ে সিরিজের লিড বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক

১২ মে ২০২৬, ১৭:১৫ পিএম । আপডেটঃ ১২ মে ২০২৬, ১৭:৫৯ পিএম

মিরপুর টেস্টে গতির ঝড় তুলে ৫ উইকেট শিকারি নাহিদ রানার উল্লাস।

ঘরের মাঠ মিরপুরে গতির আগুনে বিশ্বখ্যাত পাকিস্তানি ব্যাটিং লাইনআপকে ভস্মীভূত করে ঐতিহাসিক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নামা পাকিস্তানকে ১৬৩ রানে গুটিয়ে দিয়ে ১০৪ রানের বিশাল জয় পায় নাজমুল হোসেন শান্তর দল। পেসার নাহিদ রানার বিধ্বংসী ৫ উইকেটের ওপর ভর করে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।

চতুর্থ ইনিংসে ২৬৮ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই তাসকিন আহমেদের তোপে পড়ে সফরকারীরা। প্রথম ওভারেই ওপেনার ইমাম উল হককে (২) সাজঘরে পাঠিয়ে ধ্বংসযজ্ঞের সূচনা করেন তাসকিন। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় পাকিস্তান। মধ্যাহ্ন বিরতির পর আব্দুল্লাহ ফজল (৬৬) ও সালমান আলী (২৬) প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও শেষ সেশনে নাহিদ রানার গতির কাছে নতি স্বীকার করে শান মাসুদের দল।

গতির ঝড় তুলে একাই ধস নামান তরুণ পেসার নাহিদ রানা। তিনি একে একে ফিরিয়ে দেন সৌদ শাকিল (১৫), মোহাম্মদ রিজওয়ান (১৫), শান মাসুদ (২) ও নোমান আলীকে। শেষ পর্যন্ত ৫০ রান খরচায় ৫ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা স্পেল উপহার দেন তিনি। স্পিনার তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজও গুরুত্বপূর্ণ সময়ে ব্রেক-থ্রু এনে দিয়ে জয়ের পথ সুগম করেন।

ম্যাচ পরবর্তী প্রতিক্রিয়ায় অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, "আমাদের বোলারদের ওপর পূর্ণ আস্থা ছিল। বিশেষ করে নাহিদ যেভাবে গতি ও নিয়ন্ত্রণ বজায় রেখে বল করেছে, তা এক কথায় অসাধারণ। এই জয় পুরো দলের সম্মিলিত প্রচেষ্টার ফসল।"

এর আগে বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ২৪০ রান তুলে ইনিংস ঘোষণা করে। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দায়িত্বশীল ৮৭ এবং মুমিনুল হকের ৫৬ রানের ওপর ভর করে ২৬৭ রানের লিড পায় স্বাগতিকরা। প্রথম ইনিংসেও শান্তর ১০১ ও মুমিনুলের ৯১ রানে ভর করে ৪১৩ রান সংগ্রহ করেছিল বাংলাদেশ, যার জবাবে পাকিস্তান তাদের প্রথম ইনিংসে আজান আওয়াইজের সেঞ্চুরি সত্ত্বেও ৩৮৬ রানে থেমেছিল।

শেষ সেশনে পাকিস্তানের লোয়ার অর্ডার ব্যাটাররা বাংলাদেশের স্পিন ও পেসের দ্বিমুখী আক্রমণ সামলাতে ব্যর্থ হলে জয় নিশ্চিত হয় টাইগারদের। এই জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে গুরুত্বপূর্ণ পয়েন্ট অর্জনের পাশাপাশি মানসিকভাবেও এগিয়ে থাকল বাংলাদেশ। আগামী সপ্তাহে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে দুই দল।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ৪১৩ ও ২৪০/৯ ডি.

পাকিস্তান: ৩৮৬ ও ১৬৩ (লক্ষ্য ২৬৮)
ফল: বাংলাদেশ ১০৪ রানে জয়ী।







National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.