ছবি: সংগৃহীত
ভারতে অনুষ্ঠিত সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ জাতীয় দলের অংশগ্রহণ না করার ঘটনায় আনুষ্ঠানিক তদন্ত শুরুর ঘোষণা দিয়েছে সরকার। রাজনৈতিক অস্থিরতা ও ‘ক্রীড়া কূটনীতির’ ব্যর্থতায় বিশ্বমঞ্চে লাল-সবুজের অনুপস্থিতি নিয়ে দেশজুড়ে চলা তীব্র সমালোচনার মুখে মঙ্গলবার এই সিদ্ধান্তের কথা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
মঙ্গলবার মিরপুরের বাংলা স্কুলে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হন ক্রীড়া প্রতিমন্ত্রী। বিশ্বকাপে অংশ না নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, "বিশ্বকাপের মতো আসরে বাংলাদেশের না থাকাটা আমাদের জন্য লজ্জাজনক। কেন আমরা অংশ নিতে পারলাম না, কোথায় আমাদের ক্রীড়া কূটনীতির অভাব ছিল—তা খতিয়ে দেখা এখন সময়ের দাবি। খুব শীঘ্রই একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হবে এবং সংশ্লিষ্ট সবার কাছ থেকে এই ব্যর্থতার কৈফিয়ত চাওয়া হবে।"
উল্লেখ্য, আইপিএল থেকে পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার জেরে নিরাপত্তা শঙ্কার অজুহাতে তৎকালিন বিসিবি ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সিদ্ধান্তে ভারত সফর বর্জন করেছিল বাংলাদেশ। বিসিবির সেই অবস্থান ও ক্রীড়া কূটনীতি নিয়ে মন্ত্রীর বর্তমান মন্তব্য নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।
বিশ্বকাপ ইস্যুর পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গত নির্বাচনে সরকারি হস্তক্ষেপ ও অনিয়ম নিয়েও মুখ খোলেন প্রতিমন্ত্রী। তিনি অভিযোগ করেন, বিগত সরকারের আমলে জেলা প্রশাসকদের (ডিসি) মাধ্যমে কাউন্সিলরশিপ বদলে দেওয়ার মতো নজিরবিহীন ঘটনা ঘটেছে। আমিনুল হক বলেন, "বিগত নির্বাচনের সময় কাউন্সিলরশিপ হস্তক্ষেপে যে দৃশ্যমান অনিয়ম হয়েছে, তদন্ত কমিটি তার প্রমাণ সংগ্রহ করবে। তবে আমরা আইসিসির সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ রাখছি এবং প্রতিটি পদক্ষেপ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নিয়ম মেনেই নেওয়া হবে।"
এর আগে ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) একটি প্রতিনিধি দল প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তাদের উদ্বেগ জানায়। প্রতিমন্ত্রী তাদের আশ্বস্ত করে বলেন, "ঈদের পরেই এই পুরো প্রক্রিয়াটি যাচাই-বাছাই করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।"
জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক বিসিবি নির্বাচনে অনিয়মের তদন্তে কমিটি গঠনের পর থেকেই ক্রিকেট বোর্ডের বর্তমান প্রশাসনের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে। বিসিবি গতকালই এ বিষয়ে একটি আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে তাদের অবস্থান পরিষ্কার করার চেষ্টা করেছে। তবে সরকারের অনড় অবস্থানে দেশের ক্রিকেট প্রশাসনে বড় ধরনের রদবদলের আভাস পাওয়া যাচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2026 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
