× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

অলিম্পিকে ট্রাম্পের প্রবেশাধিকার নিয়ে ‘ওয়াডা’র নজিরবিহীন হুঁশিয়ারি

স্পোর্টস ডেস্ক

১৪ মার্চ ২০২৬, ২১:৫৩ পিএম । আপডেটঃ ১৪ মার্চ ২০২৬, ২৩:০০ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

নিজ দেশের মাটিতে আয়োজিত অলিম্পিক গেমসে ব্রাত্য হতে পারেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুনতে অবিশ্বাস্য মনে হলেও, বিশ্ব ডোপিং বিরোধী সংস্থা (ওয়াডা) এবং যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের স্নায়ুযুদ্ধের পরিণতিতে এমন এক নজিরবিহীন ঘটনার প্রেক্ষাপট তৈরি হচ্ছে। ওয়াডার প্রস্তাবিত নতুন নিয়ম কার্যকর হলে ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক তো বটেই, এমনকি ২০২৬ ফিফা বিশ্বকাপেও মার্কিন সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে নিষেধাজ্ঞা আসতে পারে।

বিতর্কের কেন্দ্রে রয়েছে ওয়াডার বার্ষিক চাঁদা পরিশোধে যুক্তরাষ্ট্রের অস্বীকৃতি। বার্তা সংস্থা এপির প্রতিবেদন অনুযায়ী, গত দুই বছরে ওয়াডার কাছে যুক্তরাষ্ট্রের বকেয়া পাওনার পরিমাণ ৭৩ লাখ ডলার ছাড়িয়েছে। জো বাইডেন প্রশাসনের শুরু করা এই অর্থায়ন বন্ধের নীতি ট্রাম্প প্রশাসন আরও কঠোরভাবে বজায় রেখেছে। গত ৩ ফেব্রুয়ারি প্রেসিডেন্ট ট্রাম্প এক বিশেষ আইনে স্বাক্ষর করে ওয়াডাকে অর্থ প্রদান স্থায়ীভাবে স্থগিত করেন। মার্কিন সরকারের দাবি, আন্তর্জাতিক এই সংস্থাটির কার্যক্রমে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে স্বতন্ত্র নিরীক্ষা না হওয়া পর্যন্ত কোনো অর্থ ছাড় করা হবে না।

ওয়াডার সঙ্গে ওয়াশিংটনের এই তিক্ততার সূত্রপাত ২০২১ সালে। সে সময় ২৩ জন চীনা সাঁতারুর ডোপ টেস্টের ফলাফল পজিটিভ আসা সত্ত্বেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার অভিযোগ ওঠে ওয়াডার বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট ও রিপাবলিকান—উভয় শিবিরের দাবি, ওয়াডা চীনের প্রতি পক্ষপাতদুষ্ট। এই আস্থার সংকটের জের ধরেই ২০২৪ ও ২০২৫ সালের সদস্যপদ ফি আটকে দেয় হোয়াইট হাউস।

পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) এবং ওয়াডা যৌথভাবে ২০৩৪ সালের শীতকালীন অলিম্পিক যুক্তরাষ্ট্রের ইউটা থেকে সরিয়ে নেওয়ার হুমকি দিয়েছে। বাধ্য হয়ে ইউটা কর্তৃপক্ষ একটি বিশেষ ‘বাতিলকরণ শর্তে’ স্বাক্ষর করেছে। এই শর্ত অনুযায়ী, যুক্তরাষ্ট্র যদি ওয়াডার কর্তৃত্ব অমান্য করে, তবে আইওসি যেকোনো সময় গেমসের ভেন্যু পরিবর্তনের অধিকার রাখবে।

আগামী মঙ্গলবার ওয়াডার সভায় বকেয়া ফি পরিশোধ না করা দেশগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রস্তাব উঠতে যাচ্ছে। তবে মার্কিন প্রেসিডেন্টকে নিষিদ্ধ করার এই পরিকল্পনাকে ‘হাস্যকর’ বলে উড়িয়ে দিয়েছেন ওয়াডার সাবেক কার্যনির্বাহী সদস্য রাহুল গুপ্ত। তিনি প্রশ্ন তুলেছেন, সুইজারল্যান্ডভিত্তিক একটি ফাউন্ডেশন কীভাবে বিশ্বের প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের ওপর নিষেধাজ্ঞা প্রয়োগ করবে? তিনি মনে করেন, বিষয়টি নিয়ে ওয়াডা গভীরতর কোনো আইনি বিশ্লেষণ ছাড়াই আবেগতাড়িত সিদ্ধান্ত নিচ্ছে।

ক্রীড়াঙ্গনের এই প্রশাসনিক যুদ্ধ এখন আর কেবল ডোপিংয়ের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি এখন রূপ নিয়েছে ওয়াশিংটন ও আন্তর্জাতিক ক্রীড়া সংস্থাগুলোর মধ্যকার এক বিশাল ক্ষমতার লড়াইয়ে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.