ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন আসরে রেকর্ড ৯ কোটি রুপিতে কলকাতা নাইট রাইডার্সে দল পেয়েছিলেন মোস্তাফিজুর রহমান। তবে ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির জটিলতায় শেষ পর্যন্ত আইপিএলের তালিকা থেকে বাদ পড়তে হয় এই বাঁহাতি পেসারকে। আইপিএলে খেলার সুযোগ হাতছাড়া হলেও আসন্ন পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ৬ কোটি ৪৪ লাখ রুপির বিনিময়ে লাহোর কালান্দার্সের ডেরায় ভিড়ছেন ‘দ্য ফিজ’। মোস্তাফিজকে বিশাল মূল্যে দলে নেওয়া এবং তাঁর কার্যকারিতা নিয়ে এবার মুখ খুলেছেন লাহোর কালান্দার্সের মালিক সামিন রানা।
মোস্তাফিজুর রহমানকে দলে পাওয়া নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে সামিন রানা বলেন, “মোস্তাফিজ একজন অনন্য প্রতিভা। বর্তমান বিশ্ব ক্রিকেটে ডেথ ওভারে তাঁর মতো কার্যকর বোলার খুব কমই আছে। তাঁর বোলিং স্কিল এবং অভিজ্ঞতার পরিপক্কতা দিনদিন যে উচ্চতায় পৌঁছাচ্ছে, তাতে আইপিএলে তাঁর মূল্য ৯ কোটি রুপি ছাড়ানো মোটেও বিস্ময়কর ছিল না।” সামিন রানার মতে, ম্যাচের শেষ মুহূর্তে রান আটকে রাখা এবং উইকেট শিকারের যে সহজাত দক্ষতা মোস্তাফিজের আছে, তা বিশ্বের যেকোনো লিগের যেকোনো ফ্র্যাঞ্চাইজির জন্য সম্পদ।
লাহোর কালান্দার্সের সাফল্যের পেছনে বাংলাদেশি ক্রিকেটারদের অবদানের কথা বলতে গিয়ে সামিন রানা টেনে আনেন লেগ-স্পিনার রিশাদ হোসেনের প্রসঙ্গ। গত আসরে রিশাদের দুর্দান্ত পারফরম্যান্স লাহোরের শিরোপা জয়ে অনুঘটক হিসেবে কাজ করেছিল।
পুরোনো স্মৃতি রোমন্থন করে সামিন বলেন, “রিশাদকে যখন আমরা প্রথমবার দলে নিই, তখন অনেকেই ভ্রু কুঁচকে সন্দেহ প্রকাশ করেছিলেন। কিন্তু আজ মাশাআল্লাহ রিশাদ নিজেকে প্রমাণ করেছেন এবং তাঁর অর্থমূল্য এখন কোটি রুপি ছাড়িয়েছে। রিশাদ, তোমাকে নিয়ে আমি সত্যিই গর্বিত।”
আসন্ন পিএসএলে মোস্তাফিজের যোগ দেওয়া কেবল লাহোরের বোলিং লাইন-আপকে শক্তিশালী করবে না, বরং মাঠের লড়াইয়ে এক নতুন মাত্রা যোগ করবে বলে বিশ্বাস সামিন রানার। বিদেশের মাটিতে লাল-সবুজের এই পেস বিস্ময় আবারও তাঁর কাটার আর স্লোয়ারের জাদু দেখাবেন—এমনটাই প্রত্যাশা ক্রিকেট অনুরাগী ও ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষের।