× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

টাকার বিনিময়ে স্বাধীনতা বিক্রি করেছে আইসিসি: হারুন লরগাত

স্পোর্টস ডেস্ক

০৬ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৫১ পিএম । আপডেটঃ ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৫৩ পিএম

আইসিসির বর্তমান শাসনব্যবস্থা ও বৈষম্যমূলক নীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সংস্থাটির সাবেক প্রধান নির্বাহী হারুন লরগাত। ছবি: সংগৃহীত

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে সৃষ্ট নজিরবিহীন সংকট এবং বৈশ্বিক ক্রিকেট শাসনের নাজুক অবস্থা নিয়ে কড়া সমালোচনা করেছেন আইসিসির সাবেক প্রধান নির্বাহী হারুন লরগাত। বাংলাদেশ টুর্নামেন্ট থেকে বাদ পড়া এবং পাকিস্তানের ভারত ম্যাচ বর্জনের ঘোষণাকে তিনি ক্রিকেটের ‘ব্যর্থ শাসনব্যবস্থার সতর্ক সংকেত’ হিসেবে অভিহিত করেছেন। লরগাতের মতে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এখন প্রভাবশালী সদস্য দেশগুলোর হাতের পুতুলে পরিণত হয়েছে।

দক্ষিণ আফ্রিকার এই প্রথিতযশা প্রশাসক মনে করেন, আইসিসি এমন এক পরিবেশ তৈরি করেছে যেখানে নীতি নয়, শক্তিই শেষ কথা। তিনি বলেন, “যখন একটি বোর্ড কোনো শাস্তি ছাড়াই ইচ্ছেমতো টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াতে পারে, তখন বুঝতে হবে নিয়ম সবার জন্য সমান নয়। প্রভাবশালী সদস্যের রাজনৈতিক স্বাচ্ছন্দ্যই এখন বিশ্ব ক্রিকেটের অংশগ্রহণের মূলনীতি নির্ধারণ করছে।” হারুন লরগাত একে ক্রিকেটের নৈতিক পরাজয় হিসেবে দেখছেন।

ভূ-রাজনীতির প্রভাব নিয়ে লরগাত বিস্ফোরক মন্তব্য করেন। তিনি বলেন, “আইসিসি অনেক আগেই তার স্বাধীনতা অর্থের কাছে বিক্রি করে দিয়েছে। ফলে একটি নির্দিষ্ট বোর্ডের বাজার ক্ষমতা এখন সূচি, আয়োজক দেশ এবং নীতিকে রাজনৈতিকভাবে নিয়ন্ত্রণ করছে।” তিনি আক্ষেপ করে বলেন, আইসিসি যদি ‘উলফ রিপোর্ট’-এর সুপারিশ অনুযায়ী ভোটিং কাঠামো ও তহবিল বন্টনে সংস্কার আনত, তবে আজকের এই সংকট সৃষ্টি হতো না। তার মতে, ক্ষমতার কেন্দ্রবিন্দু এক জায়গায় কুক্ষিগত করার ফলেই আজ ক্রিকেটের বিরোধগুলো ভূ-রাজনৈতিক সংঘাতের রূপ নিচ্ছে।

বিশ্ব ক্রিকেটের আর্থিক কাঠামোর সমালোচনা করে লরগাত বলেন, আইসিসি নিজেই ভারত-পাকিস্তান ম্যাচকে ব্যবস্থার কেন্দ্রবিন্দু বানিয়েছে। একটি ম্যাচের ওপর পুরো ব্যবস্থার এই অতি-নির্ভরতা ক্রীড়ানৈতিকতার চেয়ে শক্তি প্রদর্শনকে বেশি গুরুত্ব দেয়। এছাড়া আয়ের বিশাল অংশ (৩৮.৫ শতাংশ) একটি মাত্র বোর্ডের হাতে যাওয়ায় বাকি বোর্ডগুলোর টিকে থাকা কঠিন হয়ে পড়েছে। তিনি সতর্ক করে বলেন, ফ্র্যাঞ্চাইজি লিগের চাপে আন্তর্জাতিক ক্রিকেট এমনিতেই দুর্বল, তার ওপর এই বৈষম্য এর বাণিজ্যিক মূল্য আরও কমিয়ে দেবে।

বাংলাদেশের বাদ পড়া এবং পাকিস্তানের বয়কটকে এশীয় ক্রিকেটের জন্য বড় ধাক্কা বলে মনে করেন লরগাত। তিনি বলেন, “এই ঘটনাগুলো প্রমাণ করে নিরাপত্তা, সার্বভৌমত্ব আর ন্যায্যতা—বাণিজ্যের কাছে আজ কতটা তুচ্ছ।” এই শাসন সংকট কেবল একক কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নয়, বরং বিশ্ব ক্রিকেটে নেতৃত্ব থেকে ন্যায় ও সমতা হারিয়ে যাওয়ারই প্রতিফলন।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.