টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে হাই-ভোল্টেজ ম্যাচ বয়কট নিয়ে চারদিকে শোরগোল চললেও নিজেদের অবস্থানে অনড় রয়েছে ভারত। পাকিস্তান ম্যাচ খেলবে কি না, সেটি তাদের সিদ্ধান্ত—এমন মন্তব্য করে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব জানিয়েছেন, সূচি অনুযায়ী তাঁরা ঠিকই কলম্বো যাবেন। বৃহস্পতিবার টুর্নামেন্ট পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি এই যুদ্ধংদেহী মনোভাব প্রকাশ করেন।
নিরাপত্তাশঙ্কার অজুহাতে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে পাকিস্তান সরকার তাদের দলকে ভারতের বিপক্ষে না খেলার নির্দেশনা দিয়েছে। এ প্রসঙ্গে সূর্যকুমার যাদব বলেন, “ওদের সিদ্ধান্ত আসলে আমার নিয়ন্ত্রণে নেই। যদি আমি ওদের হয়ে সিদ্ধান্ত নিতে পারতাম, তবে অন্য কথা ছিল। আমরা এশিয়া কাপেও ওদের বিপক্ষে তিনবার মুখোমুখি হয়েছি। আমাদের মানসিকতা একদম পরিষ্কার—আমরা কখনও পাকিস্তানের বিপক্ষে খেলার বিষয়ে ‘না’ বলিনি।”
আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হওয়ার কথা। পাকিস্তান ম্যাচ বয়কটের হুমকি দিলেও ভারত আইসিসির সূচি মেনেই এগোচ্ছে। সূর্যকুমার স্পষ্ট জানিয়ে দেন, “আমাদের ফ্লাইট বুক করা আছে, আমরা কলম্বো যাচ্ছি। দলের পরিকল্পনা অনুযায়ী আমরা ৭ ফেব্রুয়ারি প্রথম ম্যাচ খেলব এবং এরপর কলম্বোর উদ্দেশ্যে রওনা হব।”
একদিকে রাজনৈতিক ও প্রশাসনিক টানাপোড়েন থাকলেও ক্রিকেটারদের মাঠের লড়াই নিয়ে ইতিবাচক সূর্যকুমার। তিনি বলেন, “ওদের বিপক্ষে আমরা সব সময় ভালো ক্রিকেট খেলেছি। আমাদের জানানো হয়েছে ১৫ ফেব্রুয়ারি নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচটি হবে। সুযোগ পেলে আমরা অবশ্যই খেলব। তবে বলতে হবে, পাকিস্তানি ক্রিকেটারদের জন্যও এটি অত্যন্ত কঠিন একটি সিদ্ধান্ত।”
উল্লেখ্য, নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ দল ভারত ভ্রমণে অস্বীকৃতি জানালে আইসিসি বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করে। এর প্রতিবাদেই মূলত পাকিস্তান সরকার তাদের ক্রিকেট দলকে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের নির্দেশ দিয়েছে।