জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে দৌড় প্রতিযোগিতার আয়োজন করছে জোমসে। প্রতিযোগিতার সহযোগিতা করছে উলাঞ্জি। 'রান ফর জুলাই ব্রেভহার্টস' শিরোনামে প্রতিযোগিতার রেজিস্ট্রেশনের মেয়াদ শেষ হচ্ছে আগামী ১০ আগস্ট।
আয়োজক সংগঠন জোমসের কোর্ডিনেটর আব্দুল্লাহ আল মামুন সানি ইভেন্ট সম্পর্কে বলেন, গণঅভ্যুত্থানের শহীদদের সাহসিকতার স্মৃতিকে স্মরণ করে এ আয়োজন করা হয়েছে। এ আয়োজনে দেশের যেকোনো প্রান্ত থেকে সবাই অংশগ্রহণ করতে পারবেন। কারণ এটি একটি রানিং ইভেন্ট। যেখানে একজন প্রতিযোগীকে ৭ কিলোমিটার পথ দৌড়াতে হবে। ৭ সংখ্যাটি জুলাই বিপ্লবের প্রতীক হিসেবেই বেছে নেওয়া হয়েছে। শারীরিক সুস্থতা ও সমাজ সচেতনতার মিলনে এই দৌড় একটি ব্যতিক্রমী প্রয়াস হিসেবে বিবেচিত হচ্ছে।
বিশেষত নতুনদেরকে স্বাস্থ্য সচেতনতায় আরও দৌড়মুখী করতে নির্দিষ্ট কোন সময়সীমা নির্ধারণ করে দেয়া হয় নি। অর্থাৎ, একজন দৌড়বিদ তার সুবিধা ও সময়ানুযায়ী 'স্ট্রাভা' রানিং অ্যাপ চালু করে ৭ কিলোমিটার দৌড় সম্পন্ন করবেন। দৌড় সম্পন্ন করার পর অ্যাপে জমা হওয়া রান ডাটার লিংক নির্ধারিত ফর্মে সাবমিট করতে হবে।
রান ডাটা সাবমিট করার পর কুরিয়ারে মাধ্যমে দৌড় সম্পন্নকারীর প্রদত্ত ঠিকানায় চলে যাবে চমৎকার মেডেলসহ গিফট বক্স।
-6895c835bc48c.jpg)
এই আয়োজন শুধু একটি দৌড় প্রতিযোগিতা নয়, বরং এটি নিজেকে জয় করার একটি প্রচেষ্টা এবং সাহসিকতার প্রতীক “জুলাই বিপ্লবীদের” প্রতি সম্মান প্রদর্শনের এক শক্তিশালী বার্তা।