× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাবিনাদের সামনে সিঙ্গাপুরের ‘৯ নম্বর–রহস্য’

Staff Reporter

০৩ ডিসেম্বর ২০২৩, ০৮:৪৭ এএম । আপডেটঃ ০৩ ডিসেম্বর ২০২৩, ০৮:৫১ এএম

বাংলাদেশ সফরে প্রথম ম্যাচে উড়ে গেলেও এবার জয়ের ছক কষছেন সিঙ্গাপুর কোচ।ঢাকায় পা রাখার এক দিন পরই খেলতে নেমে সাবিনা-তহুরাদেরকে তেমন কোনো চ্যালেঞ্জই জানাতে পারেনি সিঙ্গাপুর। উড়ে যায় ৩-০ গোলে। দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া সফরকারীরা। বাংলাদেশ কোচ সাইফুল বারী টিটু এবং অধিনায়ক সাবিনা খাতুনেরও মনে হচ্ছে, এবারের লড়াই তাদের জন্য কঠিন হবে। 

কমলাপুরের শহীদ বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে সোমবার দ্বিতীয় প্রীতি ম্যাচে মুখোমুখি হবে দুই দল। বেলা সাড়ে ৩টায় মাঠে গড়াবে ম্যাচটি।

প্রথম ম্যাচের পর দুই দল গুছিয়ে নেওয়ার জন্য সময় পেয়েছে দুই দিন। সিঙ্গাপুর কোচ করিম বেনসেরিফা রোববার অনুশীলনের পর বললেন, মাঝের সময়ে নিজেদের ভুলগুলো শুধরে নিয়েছে তার দল।

“বর্তমান দলে নিয়মিত খেলোয়াড়দের বেশ কয়েকজন নেই। তাদের অনুপস্থিতিতে নতুন কয়েক জন দলে এসেছে। এই দুইটি ম্যাচ তাদের জন্য দারুণ কাজে দিচ্ছে। আগের ম্যাচে অনেক ভুল করেছি আমরা। বাংলাদেশ দলের শক্তিমত্তাও বুঝেছি। সেগুলো শুধরে নিয়ে ভালো ম্যাচের আশা করছি।”

বাংলাদেশ কোচ টিটুর মনে হচ্ছে, তাদেরকে বিশ্লেষণ করে দ্বিতীয় ম্যাচের ছক কষবে সিঙ্গাপুর। প্রথম ম্যাচের মতো এবার জয়ের লক্ষ্য পূরণের পথটাও তার দলের জন্য মসৃণ হবে না।

“আগেও বলেছি, দ্বিতীয় ম্যাচ বেশি কঠিন হবে। প্রথম ম্যাচে আমরা সুযোগ নিতে চেয়েছিলাম। কারণ তারা একদিন আগে এসে একদিনের অনুশীলনে খেলেছে। সেই সুযোগ আমরা নিয়েছি। দ্বিতীয় ম্যাচে ওরা আরও বিশ্লেষণ করবে। প্রথম ম্যাচ এমন হবে, সেটা ওরা প্রত্যাশা করেনি। সে দিক থেকে এই ম্যাচ কতটা কঠিন করা যায়…তারাও চাইবে ম্যাচ কঠিন করতে, লড়াই করতে।”“মেয়েদের বলেছি, চাপ না নিয়ে স্বাভাবিক খেলাটা খেলতে। আপনি যখন ভালো খেলবেন, তখন এটা ধরে রাখা চ্যালেঞ্জের। ওই হিসেবে মেয়েদের বলেছি, তোমরা চ্যালেঞ্জ নাও।”

মেয়েরাও প্রস্তুত চ্যালেঞ্জ নিতে। প্রথমবারের মতো সিঙ্গাপুরকে হারানোর স্বাদ তহুরা-মারিয়ারা পেয়েছেন প্রথম ম্যাচে, অধিনায়ক সাবিনা খাতুনও আত্মবিশ্বাসী কণ্ঠে জানালেন জয়ের ধারায় থাকার আশাবাদ।

“দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ আসলে সব জেনে বুঝে খেলতে নামে। আরও প্রস্তুত হয়ে নামবে। আমরাও ভুলগুলো শুধরে এ ম্যাচে খেলব। মেয়েদের নিয়ে আমি আত্মবিশ্বাসী। আমরা যদি স্বাভাবিক খেলাটা খেলতে পারি, জিততে পারব।”




National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.