তিন বলের মধ্যে রোমাঞ্চের কত দোলাচলই না হয়ে গেল! চারিথ আসালাঙ্কার অফ স্পিনে চার মেরে স্কোর সমান করলেন শিভাম দুবে। পরের বলটা তার প্যাডে আঘাত করে কিপারকে ফাঁকি দিয়ে চলে গেল পেছনে। এলবিডব্লিউয়ের আবেদনে সাড়া দিলেন না আম্পায়ার। দুই ব্যাটসম্যান প্রান্ত বদল করে ফেললেন, মোহাম্মদ সিরাজের মুখে ‘জয়ের’ হাসিও দেখা গেল। তবে শেষ নয় সেখানেই। শ্রীলঙ্কা নিল রিভিউ, পাল্টে গেল আম্পায়ারের সিদ্ধান্ত।
পরের বল উড়িয়ে মারার চেষ্টায় পারলেন না শেষ ব্যাটসম্যান আর্শদিপ সিং, বল প্যাডে আঘাত করতেই এলবিডব্লিউয়ের আবেদনে আঙুল তুলে দিলেন আম্পায়ার। উল্লাসে মেতে উঠলেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা। আর্শদিপ রিভিউ নিলেও লাভ হলো না। হারের মুখ থেকে ম্যাচ ‘টাই’ করতে পারল শ্রীলঙ্কা।
প্রথম ওয়ানডেতে শুক্রবার কলম্বোয় শ্রীলঙ্কার ২৩০ রানের জবাবে ভারত থামে ২৩০ রানেই, ৪৭.৫ ওভারে।
দুই দিন আগে দুই দলের শেষ টি-টোয়েন্টিতে হারের মুখ থেকে ম্যাচ ‘টাই’ করেছিল ভারত। পরে তারা জিতেছিল সুপার ওভারে। এবার জয়ের দুয়ারে গিয়েও পারল না সফরকারীরা।
আর প্রেমাদাসা স্টেডিয়ামের মন্থর উইকেটে ১০১ রানে ৫ উইকেট হারানো শ্রীলঙ্কা লড়াইয়ের পুঁজি পায় দুনিথ ওয়েলালাগের ব্যাটে। বাঁহাতি এই স্পিনার সাত নম্বরে নেমে ক্যারিয়ারের প্রথম ফিফটিতে ৬৫ বলে খেলেন অপরাজিত ৬৭ রানের ইনিংস। যেখানে ৭টি চারের পাশে ছক্কা ২টি। তার আগে ওপেনার পাথুম নিসাঙ্কার ব্যাট থেকে আসে ৭৫ বলে ৫৬ রান।
জবাবে অধিনায়ক রোহিত শার্মার ঝড়ো ফিফটিতে ভালো শুরুর পর একটা সময়ে ১৩২ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। তবে ষষ্ঠ উইকেটে লোকেশ রাহুল ও আকসার প্যাটেলের পঞ্চাশোর্ধ জুটি আর দুবের শেষের নৈপুণ্যে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায় ভারত। কিন্তু শেষের নাটকীয়তায় তাদের মুঠো থেকে বেরিয়ে গেল জয়।
(বিস্তারিত আসছে)