× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মিনায় যাত্রা সহজ করতে ‘হালকা ব্যাগ ও প্রয়োজনীয় সামগ্রী’ নেওয়ার পরামর্শ

এমএসটি জিশান সরকার

১৯ মে ২০২৬, ১৬:৫১ পিএম । আপডেটঃ ১৯ মে ২০২৬, ১৬:৫২ পিএম

হজের চূড়ান্ত প্রস্তুতি হিসেবে ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এলাকার মার্কেট থেকে প্রয়োজনীয় হজ সামগ্রী ও বই সংগ্রহ করছেন হজে গমনেচ্ছু এক হাজি। ফাইল ছবি

হজের মূল আনুষ্ঠানিকতার কেন্দ্রবিন্দু মিনায় যাওয়ার সময় হাজিদের অতিপ্রয়োজনীয় জিনিসপত্রসহ হালকা ও বহনযোগ্য ছোট ব্যাগ সাথে রাখার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। দীর্ঘ পথ হাঁটা এবং মিনার তাঁবুতে অবস্থানের ধকল বিবেচনা করে ব্যাগ যেন কোনোভাবেই ভারী না হয়, সেদিকে বিশেষ নজর দেওয়ার আহ্বান জানানো হয়েছে। মূলত আত্মশুদ্ধি, বিনয় ও তাকওয়ার এই মহান সফরে হাজিদের শারীরিক কষ্ট লাঘব এবং ইবাদতে পূর্ণ মনোযোগ ধরে রাখতেই অভিজ্ঞ মহল ও হজের গাইডরা এই ব্যবহারিক দিকনির্দেশনা দিয়েছেন। ঢাকার বায়তুল মোকাররমসহ দেশের বিভিন্ন হজ সামগ্রীর বাজারে এখন শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন হজে গমনেচ্ছুরা।

আজ মঙ্গলবার ঢাকার বিভিন্ন হজ সামগ্রী বিক্রয় কেন্দ্র ঘুরে এবং প্রবীণ হাজিদের সাথে কথা বলে জানা যায়, মিনার সফরের জন্য একটি ছোট ব্যাগে ইহরামের অতিরিক্ত কাপড়, ছোট জায়নামাজ, পানির বোতল ও মগ, মিসওয়াক, ছাতা এবং রোদ থেকে বাঁচতে টুপি বা মাস্ক রাখা জরুরি। মিনার প্রচণ্ড গরমে স্বস্তি পেতে রিচার্জেবল চার্জার ফ্যান, স্যান্ডেল বা স্লিপার, টিস্যু ও ওয়েট টিস্যু, প্রয়োজনীয় ওষুধ এবং হ্যান্ড স্যানিটাইজার অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখে। এছাড়া সার্বক্ষণিক যোগাযোগের জন্য মোবাইল, পাওয়ার ব্যাংক, চার্জার ক্যাবল এবং আধ্যাত্মিক প্রস্তুতির জন্য তসবিহ বা ছোট দোয়ার বই সাথে রাখা আবশ্যক।

নিরাপত্তা ও সনাক্তকরণের জন্য আইডি কার্ড বা হজ কার্ডের কপি এবং মিনার তাঁবুতে ব্যবহারের জন্য ছোট তোয়ালে, বিছানার চাদর ও ক্লথ ক্লিপ বেশ দরকারি। সফরের ক্লান্তি দূর করতে খেজুর বা বিস্কুটের মতো হালকা শুকনো খাবার এবং তাঁবুতে বসার সুবিধার্থে ছোট টেবিল ম্যাটও ব্যাগে রাখা যেতে পারে।

দীর্ঘদিন ধরে হজ সামগ্রী কেনাকাটার ঐতিহ্যবাহী কেন্দ্র হিসেবে পরিচিত ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এলাকা। ওমরাহ ও হজের প্রয়োজনীয় দোয়া ও নির্দেশনামূলক বই কিনতে হাজিরা এখানকার ইসলামি লাইব্রেরিগুলোতে ভিড় করছেন।

পুরুষ হাজিদের দীর্ঘ সফরের আরামদায়ক পোশাকের প্রয়োজনীয়তা মাথায় রেখে দেশীয় ফ্যাশন ব্র্যান্ডগুলোও এখন বিশেষ পোশাক তৈরি করছে। এ বিষয়ে দেশের একটি অন্যতম ফ্যাশন হাউজের বিক্রয় ব্যবস্থাপক বলেন, "হাজিদের দীর্ঘ ভ্রমণ ও দৈনন্দিন ব্যবহারের বিষয়টি বিবেচনা করে আমরা বিশেষ সুতি কাপড়ের আরামদায়ক প্যান্ট ও পোশাক তৈরি করছি। মিনার গরমে এই পোশাকগুলো হাজিদের শারীরিক স্বস্তি দেবে এবং ইবাদত করা সহজ করবে।"

অভিজ্ঞ হজ গাইডরা মনে করেন, মক্কা থেকে মিনায় যাওয়ার আগে হোটেলের কক্ষে বাড়তি জিনিসপত্র রেখে শুধু মিনার ৫ দিনের উপযোগী জিনিসপত্র গোছানো উচিত। মক্কার হোটেলে কাপড় শুকানোর জন্য কয়েকটি কাপড়ের ক্লিপ এবং অল্প পরিমাণ কাপড় ধোয়ার পাউডার সঙ্গে রাখা যেতে পারে, যা মিনার তাঁবুতে কাজে লাগবে।

পবিত্র হজের এই মহাসফর যেন প্রতিটি হাজির জন্য সহজ, সুন্দর এবং মহান আল্লাহর সন্তুষ্টির মাধ্যম হয়—এমনটাই প্রত্যাশা সবার। সঠিক ও গোছানো প্রস্তুতিই পারে এই দীর্ঘ ইবাদতের সফরকে নির্বিঘ্ন করতে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.