ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর থানার ২৭টি ইউনিট কমিটি ভেঙে দেয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকাল থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত মোহাম্মদুপর সূচনা কমিউনিটি সেন্টারে ঢাকা-১৩ আসনের তিন থানা ও ওয়ার্ড নেতাদের মতবিনিময় সভা থেকে এ সিদ্ধান্ত এসেছে।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা প্রতিরোধে এসব ইউটিনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা অংশ না নেওয়ার অভিযোগে কমিটিগুলো ভেঙে দেওয়া হয়েছে বলে তথ্য দিয়েছেন সভায় অংশ নেওয়া একাধিক নেতা।
এসব ইউনিট কমিটি ঢাকা-১৩ সংসদীয় আসনের অন্তর্গত তিন থানার মধ্যে পড়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তথ্য দিয়েছেন সভায় অংশ নেওয়া ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান।
ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা, স্থানীয় কাউন্সিলর, থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকরা সভায় উপস্থিত ছিলেন।
বজলুর রহমান বলেন, "আজকে আমাদের মতবিনিময় সভার চূড়ান্ত সিদ্ধান্তে বেশ কয়েকটি ইউনিট কমিটি ভেঙে ফেলা হয়েছে। তবে কয়টি ভেঙে ফেলা হয়েছে, তা এখনই বলা যাবে না। পরে গণনা করে বলতে পারব।”
বৈঠকে অংশ নেয়া ঢাকা মহানগরের এক নেতা বলেন, কোটা সংস্কার আন্দোলনের মধ্যে সহিংসতা প্রতিরোধে মাঠে সক্রিয় না হওয়ার অভিযোগে ২৭টি ইউনিট কমিটি বিলুপ্ত করা হয়েছে।
কোটা সংস্কার আন্দোলনের মধ্যে ঢাকার যেসব এলাকায় সবচেয়ে বেশি সহিংসতা ও প্রাণহানি হয়েছে, তার মধ্যে মোহাম্মদপুর উল্লেখযোগ্য।
আন্দোলনকারীদের ১৮ জুলাইয়ের শাটডাউন কর্মসূচির দিন রাতে আন্দোলনে ‘সর্বাত্মক সমর্থন’ দেওয়ার ঘোষণা আসে বিএনপির পক্ষ থেকে। ১৯ জুলাই ঢাকার বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করা হয়। সহিংসতা ছড়িয়ে পড়ে পুরো ঢাকায়। প্রাণহানিসহ আহত হয় বহু মানুষ।
সহিংস আন্দোলনে রণক্ষেত্রে পরিণত হয় মোহাম্মদপুর এলাকা। পুড়িয়ে দেওয়া হয় বাস, পুলিশ বক্স, সিটি করপোরেশনের আঞ্চলিক কার্যালয়। সড়কে দফায় দফায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘাত হয়। গুলি ও ইটপাটকেলের আঘাতে হতাহত হয় অনেকে।