আওয়ামী লীগের প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইতোমধ্যে সমাবেশ শুরু হয়েছে। দুপুর ২টায় শুরুর কথা থাকলেও সাড়ে তিনটার পর আনুষ্ঠানিকভাবে জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় সমাবেশ। তবে এখনো রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে সমাবেশে যোগ দিতে শত শত মানুষ খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছে। রোববার (২৩ জুন) বিকেলে রাজধানীর শাহবাগ এলাকায় এমন চিত্র দেখা গেছে।
জাতীয় সংগীত পরিবেশনের পর দলীয় সভাপতি শেখ হাসিনা পায়রা উড়িয়ে সমাবেশের উদ্বোধন ঘোষণা করেন। এরপর দলীয় থিম সং শোনানো হয়। বিকেল পৌনে চারটায় শাহবাগে অবস্থান করে দেখা যায়, শাহবাগ মেট্রোরেলের নিচ দিয়ে ঢাকা উত্তর সিটির ৩৫নং ওয়ার্ডের আওয়ামী লীগের একটি মিছিল আসছে। মিছিলে যুবক থেকে শুরু করে উঠতি তরুণরা ছিল। মিছিলটি শাহনাগ থানার সামনে দিয়ে টিএসসির দিকে চলে যায়। এছাড়া আরও ছোট ছোট খণ্ড খণ্ড মিছিল দেখা গেছে।
সমাবেশে যোগ দিতে যুবকদের পাশাপাশি নারীদেরও মোটরসাইকেল চালিয়ে র্যালি করে টিএসসির দিকে যেতে দেখা গেছে। কর্মীরা কেউ কপালে বেঁধেছে ৭৫তম প্লাটিনাম জয়ন্তীর লোগোর ফিতা। কারও হাতে সবুজ পতাকা। সমাবেশের প্রবেশপথ ঢাবির টিএসসি এলাকা ছাড়াও ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের পাশে ও শিশু পার্কের পাশে তৈরি করা হয়েছে। এই দুটি গেটে এখন তেমন ভিড় নেই। তবে দুপুর দেড়টার দিকে ভিড় বেশি ছিল। ইতোমধ্যে বেশির ভাগ নেতাকর্মীরা সমাবেশস্থলে প্রবেশ করেছেন।
সমাবেশে যোগ দিতে অনেক নেতাকর্মী মিরপুর-উত্তরা থেকে সরাসরি মেট্রোরেলে করে আসেন। ফলে রিজার্ভ বাসের সংখ্যা কম দেখা গেল।