আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের শর্ত পূরণ করা ছাড়া এই বাজেট সরকার দিতে পারেনি বলে দাবি করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। বৃহস্পতিবার (৬ জুন) ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনের পর এক প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অন্যতম এই নেতা বলেন, ‘আইএমএফের প্রেসক্রিপশনে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রায় এক ঘণ্টার সংক্ষিপ্ত বিবরণ, তার মধ্যে বিস্তারিত নেই। তবে আমরা জানি— আইএমএফের শর্ত পূরণ ছাড়া এই বাজেট তারা (সরকার) দিতে পারেনি। বাজেট প্রসঙ্গে নিজের অভিব্যক্তি জানিয়ে তিনি বলেন, ‘আমি খুব একটা আশাবাদী হইনি এই বাজেট দেখে। বর্তমান যে বাস্তবতা, সেই বাস্তবতায় সংকট নিরসনে, জনজীবনে যে সংকটগুলো রয়েছে, সেগুলো নিয়ে বিস্তারিত বিবরণীতে কী আছে আমি জানি না। কারণ আমরা সংক্ষিপ্ত বিবরণী দেখেছি।’
প্রস্তাবিত বাজেটে ‘দুর্নীতির প্রশ্নে আলোচনাই আসেনি’ উল্লেখ করে তিনি বলেন, ‘এমন কোনো সাহসী পদক্ষেপ আমরা দেখিনি, যার মধ্য দিয়ে অর্থ পাচার, ব্যাংকিং খাতে নৈরাজ্য থেকে শুরু করে— যেমন দুর্নীতির প্রশ্নে আলোচনাই এর মধ্যে আসেনি। অর্থনৈতিক নৈরাজ্য, ব্যাংকিং খাতে যে নৈরাজ্য চলছে এ বিষয়গুলো খুব একটা আলোচনার মধ্যে আসেনি।’ তিনি বলেন, ‘আমার কাছে মনে হলো, দায়টা জনগণের ওপর রেখে দেওয়া হয়েছে। জনগণ নিজেরা সমাধান করুক, এ ধরনের একটা জায়গায় রয়ে গেছে বাজেট। আমার কাছে মনে হয়েছে অতীতের ধারাবাহিকতার সঙ্গে পার্থক্য খুব একটা নেই।’