ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক জানিয়েছেন, রাজধানীতে এমআরটি-৬ লাইনের বর্ধিতাংশে উত্তরা উত্তর থেকে টঙ্গী রেলওয়ে স্টেশন পর্যন্ত মেট্রোরেলের মোট পাঁচটি স্টেশন হবে। স্টেশনগুলো হলো- দিয়াবাড়ী বাজার, সোনারগাঁও জনপদ রোড পূর্ব, পশ্চিম, টঙ্গী বাজার, টঙ্গী রেলওয়ে স্টেশন। রোববার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক অনুষ্ঠানে মেট্রোরেল রুটের সম্প্রসারণের কথা জানান তিনি।
এমএএন ছিদ্দিক বলেন, পথটি চালু হলে টঙ্গী থেকে কমলাপুর পর্যন্ত যেতে সময় লাগবে ৪৮ মিনিট। সাড়ে সাত কিলোমিটার দৈর্ঘ্যের এই অংশ চালু হলে আরও ৫ লাখ যাত্রী যাতায়াত করতে পারবেন।
মেট্রোরেলের রুট বরাবর যানজট কমে গেছে দাবি করে তিনি বলেন, পরিকল্পনা ছিল পথটি আশুলিয়া পর্যন্ত নেওয়ার। তবে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারণে নতুন এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বর্তমানে মতিঝিল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত এ রুট সম্প্রসারণের কাজ চলছে। মেট্রোরেল কর্তৃপক্ষ উত্তরা উত্তর স্টেশন থেকে টঙ্গী রেলওয়ে স্টেশন পর্যন্ত সম্প্রসারণের প্রক্রিয়াও শুরু করেছে।
২০২২ সালের ২৮ ডিসেম্বর ঢাকাবাসীর বহু প্রতীক্ষিত মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও অংশ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর গত বছরের ৪ নভেম্বর উদ্বোধন করা হয় আগারগাঁও থেকে মতিঝিল অংশ। ওই বছরের শেষ দিন উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ১৬টি স্টেশনের সবগুলোই খুলে দেওয়া হয়। চলতি বছরের ২০ জানুয়ারি থেকে উত্তরা-মতিঝিল অংশে ট্রেন চলছে সকাল থেকে রাত পর্যন্ত।