পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র তৎপরতা নিয়ে সরকারের অবস্থান অত্যন্ত কঠোর। সেখানে যৌথ অভিযান চলছে, অচিরেই পরিস্থিতি শান্ত হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ শুক্রবার সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে মৎস্যজীবী লীগের ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে সেতুমন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রামে একটা ক্ষুদ্র নৃগোষ্ঠী কিছুটা সশস্ত্র তৎপরতা শুরু করেছে। এই ক্ষুদ্র নৃগোষ্ঠীটি রাঙ্গামাটি, খাগড়াছড়িতে নেই। শুধু আছে বান্দরবানে। এই ক্ষুদ্র নৃগোষ্ঠীর কিছু তরুণ অস্ত্রশস্ত্রসহ মহড়া দিচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী যৌথ অভিযান চালাচ্ছে। আশা করি অচিরেই পরিস্থিতি শান্ত হবে। এবং এই ক্ষুদ্র নৃগোষ্ঠীর এই সশস্ত্র তৎপরতায় গোটা পার্বত্য অশান্ত হবে এটা মনে করার কোনো কারণ নেই।
সরকার দেশজুড়ে হরিলুট চালাচ্ছে বিএনপির এমন বক্তব্যের সমালোচনা করে সেতুমন্ত্রী বলেন, কীভাবে হরিলুট চলছে? কোথায় হরিলুট চলছে? অন্ধকারে ঢিল ছুড়বেন না, সত্য বলুন। ৮০ ভাগ নেতাকর্মী জেলে এ কথা বলে মির্জা ফখরুল মায়াকান্না করেন। তালিকাটা প্রকাশ করুন।
ওবায়দুল কাদের বলেন, আজকে পরিস্থিতি সামাল দিতে আমাদের অনেক কষ্ট হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে শেখ হাসিনা দিন-রাত কাজ করে যাচ্ছেন।
আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, মৎস্যজীবী লীগের কার্যকরী সভাপতি সাইফুল আলম মানিক ও সাধারণ সম্পাদক শেখ আজগর নস্কর প্রমুখ। পরে গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।