× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আওয়ামী লীগের স্বতন্ত্রদের চাপে মেনন–ইনুসহ শরিকেরা

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

২৬ ডিসেম্বর ২০২৩, ০১:৫৯ এএম । আপডেটঃ ২৬ ডিসেম্বর ২০২৩, ০২:০০ এএম

নৌকা প্রতীক নিয়ে নির্বাচনের মাঠে নেমেও স্থানীয় আওয়ামী লীগের নেতা–কর্মীদের পাশে পাচ্ছেন না রাশেদ খান মেনন, হাসানুল হক ইনুসহ ১৪–দলীয় জোটের শরিক দলের নেতারা। উল্টো স্বতন্ত্র প্রার্থী হিসেবে থাকা স্থানীয় আওয়ামী লীগ নেতাদের শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হচ্ছে তাঁদের।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটগতভাবে অংশ নিচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলটি জোটের শরিক তিনটি দলকে মোট ছয়টি আসন ছেড়ে দিয়েছে। এর মধ্যে জাসদকে ছাড়া হয়েছে কুষ্টিয়া–২, বগুড়া-৪ ও লক্ষ্মীপুর–৪ আসন। ওয়ার্কার্স পার্টি পেয়েছে বরিশাল-২ ও রাজশাহী-২ আসন এবং জেপি ছাড় পেয়েছে পিরোজপুর-২।

বিএনপির বর্জনে এবারও যাতে ২০১৪ সালের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেশির ভাগ সংসদ সদস্য জয়ী হতে না পারেন, সে বিষয়ে সতর্ক থেকে স্বতন্ত্র প্রার্থীর কৌশল নেওয়ার কথা বলেছে আওয়ামী লীগ। আর এতেই বিপদে পড়েছেন শরিক দলের নেতারা।

জোটের শরিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনু নৌকা প্রতীক নির্বাচন করছেন কুষ্টিয়া-২ (মিরপুর ও ভেড়ামারা) আসনে। সেখানে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করা কামারুল আরেফিন।

হাসানুল হক ইনু বলেন, ভোটের মাঠে জোটের বিরুদ্ধে যুদ্ধ করতে হচ্ছে। তাঁরা অনুরোধ করে আসছেন যেন আওয়ামী লীগের কোনো নেতা স্বতন্ত্র প্রার্থী না থাকে। কিন্তু সেটা এখনো অব্যাহত আছে।

মিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল আলীম বলেন, ‘যেহেতু দলের সভানেত্রী বলেছেন স্বতন্ত্র প্রার্থী থাকবে। ভোটকেন্দ্র ব্যাপক ভোটার উপস্থিতি রাখতে হবে।

জোটের আরেক শীর্ষ নেতা ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন নৌকা প্রতীকে প্রার্থী হয়েছেন বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে। এখানে আওয়ামী লীগের দুজন নেতা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তাঁরা হলেন বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মনিরুল ইসলাম এবং উপজেলা কমিটির সদস্য ফাইয়াজুল হক।

বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি তাজের আলী বলেন, রাশেদ খান মেনন জাতীয় নেতা হলেও স্থানীয় লোকজনের কাছে তাঁর আগের যোগাযোগ নেই।

তবে রাশেদ খান মেননের সমর্থক নেতারা বলছেন, শুরুতে দ্বিধাদ্বন্দ্ব থাকলেও এখন পরিস্থিতি দিনে দিনে অনুকূলে আসছে। বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাওলাদ হোসেন বলেন, ব্যক্তি নয়, প্রতীক মুখ্য। নৌকা শেখ হাসিনার প্রতীক।

জোটের আরেক শীর্ষস্থানীয় নেতা জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু নৌকা প্রতীকে লড়ছেন পিরোজপুর-২ (কাউখালী, ভান্ডারিয়া, নেছারাবাদ) আসনে। এই আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ। মঞ্জুর প্রতীক নৌকা হলেও আওয়ামী লীগের বেশির ভাগ নেতা–কর্মী তাঁর পক্ষে মাঠে নেই।

লক্ষ্মীপুর–৪ আসনে জোটের প্রার্থী জাসদের সহসভাপতি মোশারফ হোসেন। সেখানে আওয়ামী লীগের নেতা–কর্মীদের বেশির ভাগই দলের স্বতন্ত্র দুই প্রার্থীর পক্ষে। রাজশাহী-২ আসনে ১৪–দলীয় জোটের প্রার্থী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশার সঙ্গেও মাঠে নেই আওয়ামী লীগ।


National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.