উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ক্ষেত্রে ভোটারের সমর্থনসূচক সইসহ তালিকা জমা দেওয়ার বিধান বাদ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া চেয়ারম্যান পদে জামানতের পরিমাণ ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে তা ১ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। ভাইস চেয়ারম্যান পদে জামানত ৫ হাজার থেকে বাড়িয়ে করা হয়েছে ৭৫ হাজার টাকা। ইসির জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
এছাড়া উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা ও আচরণবিধিমালায় আরও কিছু সংশোধনী আনা হয়েছে। আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে এসব সংশোধনী প্রজ্ঞাপন আকারে জারি করে ইসি যা মঙ্গলবার প্রকাশ করা হয়।
মে মাসে ৪ ধাপে ৪৮১টি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ৪ মে প্রথম ধাপে, ১১ মে দ্বিতীয় ধাপে, ১৮ মে তৃতীয় ধাপে এবং ২৫ মে চতুর্থ ধাপে ভোট হবে। প্রথম ধাপ থেকেই সংশোধিত বিধান কার্যকর হবে।
নতুন বিধিতে বলা হয়েছে- প্রার্থীদের জামানত রক্ষায় প্রদত্ত ভোটের ১৫ শতাংশ ভোট পেতে হবে। এতদিন যা ছিল এক-অষ্টমাংশ। এ ছাড়া এবার থেকে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে হবে অনলাইনে।
প্রার্থীরা প্রতীক বরাদ্দের আগে জনসংযোগ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালাতে পারবেন। সাদাকালোর পাশাপাশি রঙিন পোস্টার ও ব্যানার করতে পারবেন।